নির্বাচন বিজনেস

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৮

আহাদ আদনান

 

আমাদের দেশে নির্বাচন মানে শুধুই প্রতিনিধি বাছাই করা নয়, এটি রীতিমতো উত্সব কিংবা সামাজিক লোকাচারে হিসেবে দাঁড়িয়েছে। আর যেখানেই উত্সব সেখানেই আবেগ, যেখানেই আবেগ সেখানেই ব্ল্যাকমেইল, যেখানেই ব্ল্যাকমেইল সেখানেই বিজনেস। আমাকে খারাপ ভাববেন না। কথাগুলো আমার না। এই চিন্তাগুলোর জনক বিশিষ্ট সিজনাল ব্যবসায়ী মদন দা। আসুন দেখে নিই, মদন দা কিভাবে টুপাইস কামানোর ধান্দায় নেমেছেন।

 

পোস্টার তৈরি :জি ভাই, আশপাশে বাহারি পোস্টার দেখে যদি ভাবেন এই শেষ, তাহলে ভুল। এ তো মাত্র শুরু। অচিরেই দেখতে পাবেন রুই, কাতল থেকে যদু, মধুদের পোস্টার কাকে বলে, কত প্রকার। আরে, ইলেকশন এসেছে তো! প্রেসের দোকান দিয়ে তাই মদন দা লালে লাল।

 

ফিতা সাপ্লাই :এতদিন যা হওয়ার হয়েছে। এখন হঠাত্ করে নতুন নতুন ভিত্তি প্রস্তর স্থাপনের হিড়িক পড়ে যাবে। আর আগেরগুলোর কাজ শেষ হোক বা না-হোক উদ্বোধন করতে হবে না! আর এসব অনুষ্ঠানে কত ফিতা কাটতে হবে জানেন? ভাগ্যিস মদন দা’র ফিতা ও কেচির ব্যবসা ছিল। তা না হলে এই জাতির কী অবস্থা হতো জানেন?

 

মাইক ভাড়া :পাতি সমাবেশ থেকে মহাসমাবেশ, সবই কামিং সুন। আজকাল ভরা কলসির কোনো কদর নেই। তাই মদন দা’রা খালি কলসির জন্য মাইকের হাট খুলে বসেছেন। যে যত নিজের নাম বাজাতে পারবে, আর জনগণের কান আর ঘুমের বারোটা বাজাতে পারবে, সে তত হিট।

 

বাঁশ :‘বাঁশের বহুবিধ ব্যবহার’ রচনাটা পড়েছেন? আর কিছু বলতে হবে? আমাদের মদন দা’ও পড়েছেন। তাই খুলে বসেছেন বাঁশের দোকান। সেখানে কান পাতলে হকারের কণ্ঠে শুনতে পাবেন, ‘হ্যাঁ, ভাই। এখানে বাঁশ পাবেন বাঁশ। মুলি বাঁশ, জালি বাঁশ, খুলি ফাটাইন্না বাঁশ—সব আছে। আইট্টা বাঁশ, খাইট্টা বাঁশ, মাইট্টা বাঁশও। দিতে পারবেন, নিতে পারবেন, যেমনে খুশি লাগাইতে পারবেন...।’

 

কলাম লেখক, টক শো স্পেশালিস্ট :আপনাদের দয়ায় মদন দা এলাকায় একটা অনলাইন পত্রিকা খুলে বসেছেন। শ্যালক মাখনের সৌজন্যে ‘কলামিস্ট’ হিসেবে কিছু নাম (আসলে বদনাম) হয়েছে। মাখনই কায়দা করে কিছু হারবাল টিভি চ্যানেলের টকশোতে দুলাভাইকে বসিয়ে দিয়েছে। ‘ভাই কালকে রাতে আপনাকে যেন কোন চ্যানেলে দেখলাম’ কিংবা ‘পত্রিকায় কলামে আজ ফাটিয়ে দিয়েছেন’—এমন মন্তব্য তাই চারদিকে ‘ভাইরাল’ হতে সময় লাগে না।

ছোটবেলায় মদন দা’কে কে যেন বলেছিল, ‘প্রেস্টিজ গেলে প্রেস্টিজ পাওয়া যায়, সিজন গেলে সিজন পাওয়া যায় না রে পাগলা।’ নির্বাচনের মতো বড় ‘সিজন’ কি আছে মদন দা’র জীবনে, আমাদের জীবনে?

মাতুয়াইল, ঢাকা