ইন্টেলের বোর্ড চেয়ারম্যান হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ওমর ইশরাক

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২০:২৬

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলের বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ওমর ইশরাককে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। ইন্টেলের ওয়েবসাইটে বিষয়টি তুলে ধরা হয়েছে।

ইন্টেলের নিউজ রুমের এক বিবৃতি অনুযায়ী, অ্যান্ডি ব্রায়ান্টের জায়গায় আসছেন ওমর। সাত বছর দায়িত্ব পালনের পর সরে যাচ্ছেন ব্রায়ান্ট।

বর্তমান চেয়ারম্যান অ্যান্ডি ব্রায়ান্ট আগামী মে মাসে অবসরে যাবেন। গত বছরই ব্রায়ান্ট জানিয়েছিলেন, নতুন করে আর চেয়ারম্যান হতে নির্বাচনে অংশ নেবেন না। যোগ্য কারো হাতে দায়িত্ব তুলে দিয়ে সরে দাঁড়াবেন। তাই গত মঙ্গলবার নতুন চেয়ারম্যান হিসেবে ড. ওমর ইশরাকের (৬৪) নাম ঘোষণা করা হয়।

৬৪ বছর বয়সি ওমর বর্তমানে মেডট্রনিক নামের একটি মেডিক্যাল প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে।

মেডট্রনিকসের ওয়েবসাইট অনুযায়ী, ওমর বাংলাদেশে বড়ো হয়েছেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন, কিংস কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করেছেন। এছাড়া তিনি এশিয়া সোসাইটির বোর্ড অব ট্রাস্টির একজন সদস্য।

বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর বুধবার রাতে টুইটারে ওমর ইশরাক ইন্টেলের নিউজের ঘোষণার পেজ শেয়ার করেন। তিনি লেখেন, ‘ইন্টেলের মতো কোম্পানি যেটি কার্যত বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে, তার সেবা করতে সম্মানিত বোধ করছি। প্রযুক্তি সম্পর্কে আরো শিখতে এবং একটি দুর্দান্ত টিমের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে উত্সাহিত।’