নরকের আগুন হাতে নিয়ে হাঁটে লোকটি
ইন্দ্রধনুর সাক্ষাত্ পেলেও খুশি হয় না
মানুষের মুখগুলো লোকটির কাছে এক একটি
নরক বলে মনে হয়;
নিসর্গ প্রকৃতির রূপপ্রভা তার কাছে মরুভূমির অধিক কিছু নয়।
সময় কীট হয়ে কুরে কুরে খায়
জীবনের তাবত্ আয়োজন
নতুন কোনো জ্যামিতিক রেখা নেই
মানুষের ভালোবাসার আঁচড়ে।
মানুষের ভিতরের আগুন এখন নিভে যেতে বসেছে,
মানুষের সভ্যতা এখন ভগ্ন প্রাসাদ
হয়ে দাঁড়িয়ে থাকে।
মানুষের হূদয় কাঁদে না আত্মার আগুন
নিভে গেল বলে,
মানুষের চোখে অশ্রু নেই মানবকীর্তির ধ্বংসস্তূপ দেখেও।
