সুন্দরবনে ২২ হরিণ শিকার

হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২২:০০

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে ২২ হরিণ শিকারের ঘটনা অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। একই সঙ্গে আইন ও বিধি অনুযায়ী সুন্দরবন সংরক্ষণের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধান বন সংরক্ষকসহ বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

২২টি হরিণ শিকারের খবর নিয়ে গত ৯ ও ১০ জুলাই বিভিন্ন জাতীয় দৈনিকে একাধিক খবর প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন শ্যামনগরের বাসিন্দা আবু বকর। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়। পরে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, হরিণ শিকারের ঘটনা তদন্ত করে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিমকে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।