আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার ১৪তম দিনে গতকাল বৃহস্পতিবার দক্ষিণের বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ঢাকা উত্তর সিটিতে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সকাল থেকে রাত ৮টা পর্যন্ত প্রচারণা চালান।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসংযোগ শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাত্ শেষে প্রচারণা শুরু করেন। দুপুর ১২টা পর্যন্ত ঢাবি এলাকায় প্রচারণা চালান ইসরাক। এরপর হাইকোর্ট মাজার গেটে প্রচারণা করেন তিনি। সেখানে ইসরাকের গণসংযোগে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বেলা সাড়ে ১২টায় শ্যামপুর থানার ৫৪ নম্বর ওয়ার্ডের জুরাইন মাজার এলাকায় ব্যাংক এশিয়ার সামনে থেকে গণসংযোগ শুরু করে পোস্তগোলা, জুরাইন কবরস্থান, আরসিন গেট, টিঅ্যান্ডটি ও বাংলাদেশ ব্যাংক কলোনি, গেন্ডারিয়া ডিআইটি প্লট, পাইপ রাস্তা, শিট মার্কেট, আবু হাজী প্রাইমারি স্কুল হয়ে ৫১ নম্বর ওয়ার্ডের দয়াগঞ্জ মোড়ে এসে গণসংযোগ ও প্রচারণা শেষ হয়। আসন্ন নির্বাচনে অনেকে বলছেন ভোট কারচুপি হতে পারে, আর পরিস্থিতি যদি এমন হয়, তাহলে আপনি এবং আপনার দল এটা কীভাবে প্রতিরোধ করবেন—এমন প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ‘আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে রয়েছি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রয়েছি। ভোটে কারচুপি হলে জনগণই রুখে দাঁড়াবে।
৩২৫ কিলোমিটার পথ হেঁটে
গণসংযোগ করেছি :তাবিথ
এদিকে ঢাকা উত্তর সিটিতে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার প্রেমতলা এলাকা থেকে প্রচারণার শুরুতে বলেন, গণসংযোগের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসীরা হামলা করেছে। আবারও তারা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে। জনগণকে ভোটের মাধ্যমে সরকারদলীয় সন্ত্রাসীদের হামলার জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
