শফিকুল ইসলাম শফিক
মফিজ মিয়া করবে বিয়ে তোমরা সবে চুপ
চাকরি নেবে, নেবে মেয়ের চোখ ধাঁধানো রূপ।
পছন্দটা কেমন জানি খোঁজে শহর গাঁয়
কত্ত বিয়ের ঘটক ধরে, ধরে হাতে পায়!
বিয়ের স্বপ্ন চোখে ভাসে সপ্তা বছর মাস
একটি মেয়ে দেখতে গেল শহরে তার বাস।
মেয়ের বয়স অনেক বেশি খালা মনে হয়
চাকরি দিলেও বিয়ে করা অত সোজা নয়।
আরেক মেয়ে দেখতে গেল কোন সে অচিনপুর?
মেয়ের গড়ন অতি চিকন স্বপ্ন ভেঙে চুর।
অনেক টাকা হাতে পাবে কাটবে সুখে রাত
আসলে তা ঘটক বাবুর মিথ্যে অজুহাত।
একটি মেয়ে দেখতে গেল বাড়ি পাশের গাঁও
ভেবেছিল হবেই বিয়ে ভাঙল বিয়েটাও।
ঘটক বাবু টাকার লোভে বিয়ে দিতে চায়
আগে মেয়ের হইছে বিয়ে দুঃখে পরান যায়।
আরেক মেয়ে দেখতে গেল হয়নি দেখা মুখ
পথে পথে তেলেসমাতি খাঁ-খাঁ করে বুক।
ঘটক বাবু নাটক সাজায় বড়ই ধান্দাবাজ
রঙে-ঢঙের কথা বলে ঘোরায় পিছু আজ।
চোখে ধরার পায় না মেয়ে কেমনে ভরে মন?
সবাই ভাবি কবে হবে পাত্রী নির্বাচন?
মফিজ মিয়া পাত্রী দেখে দিনটা করে পার
পাঁচটি বছর গেল তবু হয় না বিয়ে তার।
কনইল, নওগাঁ
