তাবিথের প্রচারণায় হামলা

পুলিশ বলছে ঠেলা-ধাক্কা ম্যাজিস্ট্রেট বলছেন ফৌজদারি অপরাধ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০০:২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। পুলিশের তদন্তে ‘ঠেলা, ধাক্কা-ধাক্কি’ হয়েছে উল্লেখ করা হলেও সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। আর ম্যাজিস্ট্রেট বলছেন, তাবিথের আনা অভিযোগ ফৌজদারি অপরাধ।

পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তাবিথ আউয়াল মিছিলের বিষয়ে সংশ্লিষ্ট থানাকে কিছু জানাননি। এ অবস্থায় তাবিথ আউয়ালসহ সব প্রার্থীকে প্রচারের বিষয়ে সংশ্লিষ্ট থানাসহ রিটার্নিং কর্মকর্তাকে জানানোর জন্য চিঠি দিয়েছেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

আর রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে ম্যাজিস্ট্রেট ইমরান শাহারীয়ার বলেছেন, তাবিথ আউয়ালের আনা অভিযোগ ফৌজদারি অপরাধ সংশ্লিষ্ট, যা মোবাইল কোর্টে নয়, দণ্ডবিধি-১৮৬০ মতে বিচার্য। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

গত ২১ জানুয়ারি রাজধানীর দারুস সালাম থানাধীন বড়বাজার এলাকায় তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগ ওঠে আওয়ামী লীগ সমর্থিত ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুম ও তার সঙ্গীয় নেতাকর্মী সমর্থকের বিরুদ্ধে। এ বিষয়ে ব্যবস্থা নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও দারুস সালাম থানার ওসিকে নির্দেশ দেয় ইসি। অন্যদিকে মাসুমের প্রার্থিতা বাতিল ও শাস্তি নিশ্চিত করতে নির্বাচন কমিশনে চিঠি দেন তাবিথ আউয়াল।

তাবিথের অভিযোগের সত্যতা মিলেনি

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগের একটিরও সত্যতা পাননি রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁওয়ে ইটিআই ভবনে এ তথ্য জানান উত্তরের রিটার্নিং কর্মকর্তা।

একটি অভিযোগের বিষয়ে আবুল কাসেম বলেন, ‘প্রথম যে অভিযোগ ছিল আতিকুল ইসলাম আচরণবিধি ভঙ্গ করেছেন। ঐখানে তিনি (তাবিথ) যে ছবিগুলো দিয়েছেন, সেগুলো ঐ দিনের ছিল না।’ আরেকটা অভিযোগের বিষয় স্মরণ নেই বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তবে সেখানেও অভিযোগের সত্যতা পাননি বলে তিনি জানান ।