মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন অন্যায় করেছিলেন। রাষ্ট্রীয় দায়িত্বে থেকেও মিথ্যা বলেছিলেন। তারপরেও আমি তার অভিশংসনের বিরোধিতা করেছিলাম। আর আমি তো অভিশংসিত হবার মতো কোনো অন্যায়ই করিনি। মিথ্যা বলা তো দূরের কথা। একজন প্রেসিডেন্টকে তার আসন থেকে মেয়াদ পূর্ণ হবার আগেই সরানোর চিন্তা তার জন্য অপমানজনক। কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেই কাজটি বিরোধীরা করার চেষ্টা করেছেন বার বার।
সুইজারল্যান্ডের দাভোসে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেছেন। ট্রাম্প বিশ্বাস করেন সিনেটে তার বিচার শুরু হলেও শেষ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে টলাতে পারবে না ডেমোক্র্যাটরা। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো বলেন, আমার অপরাধগুলো অনেকটা ‘সাংকেতিক ভাষায়’ তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে আমি ইউক্রেনের প্রেসিডেন্টকে এটা বলেছি, ওটা বলেছি। কিন্তু আমি কি বলেছি সেই কথোপকথন সরাসরি প্রকাশ করুক। তাহলে জনগণ বুঝে নেবে আমি কোনো অন্যায় করেছিলাম কি না। ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না।
ইউক্রেনে যুক্তরাষ্ট্র এককভাবে বিশাল অঙ্কের সাহায্য প্রদান করে থাকে বলে ট্রাম্প উল্লেখ করেন। তিনি বলেন, সেই হিসাবে আইনের মধ্যে থেকে দেশটির কাছে যুক্তরাষ্ট্রের একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট কিছু দাবি করতেই পারে।
এদিকে, মঙ্গলবার সিনেটে ট্রাম্পের বিচারপদ্ধতি নিয়ে মুখোমুখি হন সিনেটররা। বিচারের শুরুতে নতুন তথ্যপ্রমাণ হাজিরের চেষ্টায় ডেমোক্র্যাটদের কয়েকটি প্রস্তাব রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট খারিজ করে দিয়েছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিচ ম্যাককনেল প্রেসিডেন্টের অভিশংসন মামলায় শুনানির সময়সীমা সংক্ষিপ্ত করার চেষ্টা করলেও দলীয় সদস্যদের চাপের মুখে সেখান থেকে পিছু হটেন।
ইত্তেফাক/এমআর
