নির্বাচনের ধোঁকা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৩

মো. আমজাদ হোছাইন

 

আসল নেতা নকল নেতা

নেতা ঘরে ঘরে,

দুষ্ট নেতার পাতা ফাঁদে

আমজনতা মরে।

 

ফাঁদ পেতেছে ভোট পেতে সে

ধরছে সাধুর ভাবটা,

জনগণের সেবক সেজে

লুটবে নিজের লাভটা।

 

দিচ্ছে কথা দুঃখব্যথা

যার যা মনে থাক না,

জিতলে ভোটে দেবেই এঁটে

ব্যথার মুখে ঢাক না।

 

লাল ভোটে হোক জাল ভোটে হোক

এমপি হলো যেই না,

ধিক শতধিক উল্টো পথিক

ভোটের আগের সে-ই না।

 

এমন ফাঁদে পড়েই কাঁদে

খাই যে ধোঁকা নিত্য,

ভোটের নামে নির্বাচনে

ঘটলে এমন চিত্র।

সুন্দরগঞ্জ, গাইবান্া