রাজনীতি বিষয়ক গুচ্ছ ছড়া

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৪

কবির কাঞ্চন

 

ভোটে জেতার চাবি

জোট গড়ে ভোট করে

জেতার জন্য

সংলাপে ঘুচেনি

মনমালিন্য।

 

আশা জাগানিয়া

সংলাপ হলো

প্রত্যাশার প্রাপ্তিতে

হয়নি ষোলো।

 

আমজনতা খুশি

সংলাপ পেয়ে

গণতন্ত্রের জয় হোক

সবার রায়ে।

 

ভোট দেয়ার অধিকার

সবার দাবি

নির্বাচনে জনগণই

জেতার চাবি।

 

নির্বাচনের মাঠে

আবুল মিয়া ব্যস্ত এখন

নির্বাচনের মাঠে

মার্কা পেয়ে সময় যে তার

জনসেবায় কাটে।

 

পায়জামা পাঞ্জাবি পরে

সবার দ্বারে গিয়ে

জনগণের রায় পেতে চান

প্রতিশ্রুতি দিয়ে।

 

মধুর কথায় কাজ না হলে

টাকার বান্ডিল ছাড়েন

ধর্মবাণী ছুঁড়ে আবার

সবার নজর কাড়েন।

 

যাদের কথা ভোটের আগে

ভাবতেন না কোনোদিন

তাদের একটি ভোটের জন্য

সাজেন তিনি দীনহীন।

 

চাটুকারে আঁড়ি

দল বুঝি না ছল বুঝি না

দেশের স্বার্থ দেখে

ভোট দিতে চাই জেনে বুঝে

বুকে স্বপ্ন রেখে।

 

আজকে দেখি চাটুকারে

সয়লাব হচ্ছে দেশটা

আবোলতাবোল বকে কারোর

নজরকাড়ার চেষ্টা।

 

বর্ণমালা গাঁথতে শিখে

যাদের বাড়াবাড়ি

দলের সাফাই করেন যারা

তাদের সাথে আঁড়ি।