বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। এরমধ্যে গতকাল শুক্রবার হবিগঞ্জের বাহুবলের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই নারীসহ হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয় লোকজন। গতকাল ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
হবিগঞ্জ :হবিগঞ্জের বাহুবলে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বাস দুর্ঘটনায় নিহতরা হলেন—হেলপার সদর উপজেলার মড়ুরা গ্রামের আবু সাঈদ (৩০) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে কমলা বেগম (৩৫) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রিতা দেবনাথ (২৮)। জানা যায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী বাসটি (হবিগঞ্জ-ব ০৫-০০৩১) কামাইছড়া পাহাড়ি এলাকায় পৌঁছালে সড়কের একটি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারালে পাহাড়ের নিচে খাদে পড়ে যায়। তাত্ক্ষণিক রশিদপুর গ্যাস ফিল্ডের ক্রেন দিয়ে বাস থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
বরিশাল :বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় রাকান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরীর শেরে বাংলা সড়কে এ ঘটনা ঘটে। রাকান স্থানীয় বাসিন্দা ও নৌবাহিনীর পেটি অফিসার রফিকুল ইসলামের ছেলে। এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম এ তথ্য জানান। এদিকে দুর্ঘটনার পর বিকালে ঐ এলাকার বাসিন্দারা বিক্ষোভ করেন। তারা নিরাপদ সড়ক ও অবৈধ অটো বন্ধের দাবি জানান।
গোদাগাড়ী (রাজশাহী) : গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় সালাম উদ্দীন (৫০) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। গতকাল রাজাবাড়ী ছয়ঘাটি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি কাঁকনহাট মহাবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ছিলেন। বাড়ি থেকে মোটরসাইকেলে রাজশাহী যাওয়ার পথে একটি মিনিট্রাক ও ট্রলির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মুলাদী (বরিশাল) : মেহেন্দিগঞ্জে ইজিবাইকে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস পড়ে শেফালী বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার কাজিরহাট থানার গাবতলী দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেফালী বেগম কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের মৃত জামাল খানের স্ত্রী। তিনি নাতি ও নাতি জামাইয়ের সঙ্গে বাড়ি থেকে ইজিবাইকে কাজিরহাটে যাচ্ছিলেন।
জামালপুর : ইসলামপুরে ভটভটিচাপায় মোটরসাইকেল চালক রশিদুজ্জান (৫০) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ইসলামপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের বাটিকামারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় :পঞ্চগড়ে বালুর ট্রাকের নিচে চাপা পড়ে আশারু বর্মণ (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। বৃহস্পতিবার রাতে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের খাটপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আশারুর বাড়ি জেলার বোদা উপজেলার সাকোয়া বীরপাড়া গ্রামে।
