মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০০:১২

মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি গতকাল শুক্রবার সকালে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত উচ্চতর শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে ১৬ লাখ টাকা করে প্রায় ২৩০০ কোটি টাকা ব্যয়ে বাড়িঘর তৈরি করে দেওয়া হবে। আর মুজিববর্ষ উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত নারী সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন অর রশীদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম এ মান্নান, ডুয়েটের ভিসি ড. আলাউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, ইউজিসি প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ২০১৭ সাল থেকে আমরা ১৫ হাজার শিক্ষার্থী নিয়ে শিক্ষাবৃত্তি চালু করেছি। আজকে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৫ হাজার শিক্ষার্থী এখানে এসেছে। মেধাবী এবং গরিব শিক্ষার্থী যারা রয়েছেন তাদের এ বৃত্তি দেওয়া হচ্ছে। শিক্ষার মান উন্নয়নের জন্য আটটি উচ্চ বিদ্যালয়, একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিক্যাল কলেজের জন্য  ১০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া এ বছর চীন, কোরিয়াসহ বিভিন্ন দেশে ৫৬০ জন শিক্ষার্থীকে বিনা খরচে উচ্চ শিক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছি। 

অনুষ্ঠানে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে আনজাম মাসুদের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগমসহ দেশের খ্যাতনামা সংগীতশিল্পী ও নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন।