বাড়িতে কাজ করতে আসা নির্মাণ শ্রমিকদের খ্যাদ্যাভাস দেখেই তাদের পরিচয় আন্দাজ করতে পেরেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তার মতে, ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা চিড়া খায়। তাদের দেখলেই চেনা যায়।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে একটি আলোচনা সভায় বক্তব্য দেন কৈলাস বিজয়বর্গীয়। মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত সভায় তিনি জানান, তার বাড়িতে কিছু দিন আগে নির্মাণ কাজ চলছিল। সেখানে কাজ করতে আসা কর্মীদের তিনি শুধুই চিড়া খেতে দেখেছেন। আর এই ‘অদ্ভুত’ খাদ্যাভাস দেখে তার সন্দেহ হয়েছে কর্মীদের জাতীয়তা নিয়ে। তার মনে হয়েছে, নিয়মিত চিড়া খাওয়া ওই নির্মাণ কর্মীরা বাংলাদেশের বাসিন্দা।
তিনি আরো বলেন, ‘আমার এই সন্দেহ হওয়ার দুই দিন পর থেকে আমার বাড়িতে কাজ করতে আসা বন্ধ করে দেয় তারা। বিষয়টি তিনি পুলিশে অভিযোগ করেছেন। তবে সাধারণ মানুষকে অবগত করার জন্যই তিনি এই ঘটনার উল্লেখ করেছেন। এই বক্তব্যের পর সামাজিক যোগযোগ মাধ্যমে তার ব্যাপক সমালোচনা হয়েছে।
