জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে স্মারকলিপি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:০২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শনিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে লেখা স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতারা।

সংগঠনের সভাপতি শাহীন রেজা নূর ও সহ-সভাপতি আসিফ মুনীর তন্ময় স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে- ইতোপূর্বে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেছে। এ ছাড়া ১৯৭১ সালে দেশবিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে অপরাধী দল আখ্যায়িত করে দেশের কোন শীর্ষ পদে স্বাধীনতা বিরোধীদের থাকা উচিত নয় বলে মত জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অথচ একটি রাজনৈতিক জোট জামায়াতে ইসলামীর ২৫ নেতাকে মনোনয়ন দিয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান তৌহিদ রেজা নূর বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের দাবি জানিয়ে গেলাম। পরবর্তীতে আমরা কী পদক্ষেপ নেব তা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়া হবে।’

আরো পড়ুনঃ তামিমের বিদায়, লিটনের ব্যাটে ঝড়

তিনি বলেন, ‘আমরা শুধু জামায়াতে ইসলামী নয়, সব যুদ্ধাপরাধী সংগঠনের সদস্য ও আদর্শে বিশ্বাসীদের রাষ্ট্রীয় কোন পদে দেখতে চাই না।’

এর আগে গৌরব ‘৭১ নামের একটি সংগঠন জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিল চেয়ে কমিশনের কাছে স্মারকলিপি দেয়। বাসস

ইত্তেফাক/কেকে