হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের পিতার হত্যাকারীদের মার্কা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া, এরচেয়ে লজ্জা আর কী হতে পারে?
শনিবার বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় মহাজোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে গিয়ে এ কথা বলেন শেখ হাসিনা।
হবিগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী প্রয়াত আওয়ামী লীগ নেতা দেওয়ান ফরিদ গাজীর পুত্র দেওয়ান শাহ নেওয়াজ গাজীকে পরিচয় করাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী এসএম কিবরিয়াকে যারা হত্যা করেছে তাদের প্রতীকেই নির্বাচন করছেন তারই পুত্র। পিতার হত্যাকারীদের প্রতীক নিয়ে নির্বাচন করার মতো লজ্জা কী হতে পারে বলে উপস্থিত সকলের উদ্দেশ্যে জানতে চান শেখ হাসিনা।
এসময় তিনি ওই আসনে নৌকা প্রতীকের প্রার্থী দেওয়ান শাহ নেওয়াজ গাজীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
উল্লেখ্য, রেজার বাবা হলেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। ২০০৫ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে গ্রেনেড হামলায় মারা যান তিনি। এ ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।
আরো পড়ুন: ধানের শীষের ক্যাম্প ও গণসংযোগে হামলা, শিশু গুলিবিদ্ধসহ আহত ৩৫
ইত্তেফাক/জেডএইচ
