তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১ হাজারের বেশি মানুষ। দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল এলাজিগ প্রদেশের সিভরিস শহরে। ভূম্পিকম্পের কারণে ভবন ধসে পড়ে, যার কারণে রাস্তায় বেরিয়ে আসতে বাধ্য হন স্থানীয় বাসিন্দারা। খবর বিবিসির
কম্পন অনুভূত হয়েছে পার্শ্ববর্তী সিরিয়া, লেবানন ও ইরানেও। তুরস্কে প্রায়ই ভূমিকম্প হয়। ১৯৯৯ সালে পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে শক্তিশালী ভূমিকম্পে ১৭ হাজার মানুষ মারা যায়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৮টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, ভূম্পিকম্প আঘাত হানার পর ৬০টি আফটার শক বা পরাঘাত অনুভূত হয়। এটি জানায়, প্রায় ৪০০ উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়, যাদের সঙ্গে বাস্তুচ্যুতদের জন্য বিছানা এবং তাঁবু রয়েছে। আফটার শকের কারণে বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ঘরে ফিরতে নিষেধ করা হয়।
এলাজিগের গভর্নর জানান, তার প্রদেশে আট জন মারা গেছে। একই সঙ্গে পার্শ্ববর্তী মালাতিয়া প্রদেশের গভর্নর জানিয়েছেন যে, সেখানে ছয় জন মারা গেছে। টেলিভিশনে প্রকাশিত ফুটেজে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালান জরুরি সেবাদানকর্মীরা। ‘এটা খুবই ভয়ংকর ছিল—আসবাবপত্র আমাদের ওপর এসে পড়ে। আমরা বাইরে বেরিয়ে আসি,’ বার্তা সংস্থা এএফপি ৪৭ বছর বয়সী এলাজিগ শহরের বাসিন্দা মেলাহাত কানের উদ্ধৃতি দিয়ে এ কথা জানায়।
