ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) কবি মুহাম্মদ সামাদ একটি আন্তর্জাতিক সংগঠনের সেরা কবির পুরস্কার পেয়েছেন। চীনের ইন্টারন্যাশনাল পোয়েট্রি ট্রান্সলেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (আইপিটিআরসি), গ্রিক একাডেমি অব আর্টস অ্যান্ড লেটারস এবং দ্য জার্নাল অব দ্য ওয়ার্লড পোয়েটস কোয়ার্টারলি যৌথভাবে এই পুরস্কার ঘোষণা করে। ‘দ্য প্রাইজেস ২০১৮: দ্য ইন্টারন্যাশনাল বেস্ট পোয়েট’ শীর্ষক এই পুরস্কারটি কবি মুহাম্মদ সামাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন আইপিটিআরসির প্রতিনিধি চীনের শিক্ষক মিজ ইন শিয়াওহুয়া। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাব্য-সাহিত্যে অবদানের জন্য আইপিটিআরসি দশটি দেশের দশ জন কবিকে ‘বেস্ট পয়েট’ মনোনীত করেছে। অন্য দেশের নয় জন কবি হলেন—রুমানিয়ার ড্রাগোস বারবু, তুরস্কের হিলাল কারাহান, মেসিডোনিয়ার মাইট স্টেফোসকি, ক্যাতালুনিয়া-স্পেনের তনিয়া প্যাসোলা, সৌদি আরবের আলী আল হাজমি, ভারতের মন্ডল বিজয় বেগ, আলবেনিয়ার ফাতিমি কুল্লি, চীনের দুয়ান গুয়ানঙান ও বেলজিয়ামের ডমিনিক হেক।
