বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া ‘বাকশাল’-এর মতোই গত ১১ বছর ধরে বাংলাদেশে একদলীয় শাসন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, আজকে দেশে যা চলছে, তার জন্য মূলত দায়ী ১৯৭৫ সালের একদলীয় শাসন ‘বাকশাল’। বাকশাল গঠন করে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা সবকিছু তারা ধূলিসাত্ করে দিয়েছিল। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকটের জন্য দায়ী বাকশাল।
গতকাল শনিবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ২৫ জানুয়ারি ‘বাকশাল’ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, শামসুজ্জামান দুদু ও শওকত মাহমুদ।
