সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বানাবে না এইচটিসি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২০:০৩

 

সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারের প্রতিযোগীতায় টিকে থাকতে পারেনি প্রযুক্তি নির্মাতা কোম্পানি এইচটিসি। স্মার্টফোন ব্যবসা নিয়ে খারাপ সময় পার করছে। তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টানা কয়েক বছর ধরে লোকসানে রয়েছে তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটি। ডিভাইস বাজারে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট দিয়ে ভালো ব্যবসা করলেও পিছিয়ে পড়েছে স্মার্টফোন বিক্রিতে। এ পরিস্থিতিতে সাশ্রয়ী স্মার্টফোনের পরিবর্তে মাঝারি দাম এবং প্রিমিয়াম স্মার্টফোন বাজারে ব্যবসা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছর আগস্টে এক প্রতিবেদনে দাবি করা হয়, স্মার্টফোন ব্যবসা বিভাগ বন্ধ করতে যাচ্ছে এইচটিসি। ওই সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, স্মার্টফোন ব্যবসাকে পুরোপুরি বিদায় জানানোর পরিবর্তে প্রতি বছর হাতেগোনা কয়েকটি প্রিমিয়াম ডিভাইস উন্মোচনের পরিকল্পনা নিয়েছে। আগামী বছরের শুরুতে এমন ডিভাইস বাজারে ছাড়া হতে পারে।

এইচটিসির প্রেসিডেন্ট ড্যারেন চেন বলেন, ‘আমরাও স্মার্টফোন ব্যবসাকে বিদায় জানাচ্ছি না। তবে আগামী বছর থেকে সাশ্রয়ী স্মার্টফোনের পরিবর্তে মাঝারি মানের এবং উচ্চমূল্যের স্মার্টফোনে গুরুত্ব দিয়ে স্মার্টফোন ব্যবসা বিভাগকে পুনরুজ্জীবিত করার কৌশল হিসেবে দেখছি।’               সূত্র:ডিজিটাইমস