পরিচালক ও নাট্যকার মোহন খান। এই পরিচয়ের পাশাপাশি এটিএন বাংলার প্রোগ্রাম অ্যাডভাইসর হিসেবে সম্প্রতি যোগদান করেছেন তিনি। ক্যারিয়ারে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, নিজের ব্যস্ততা ও বর্তমান নাটকের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
আপনার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে শুরুতে জানতে চাই—
কিছুদিন আগে থেকে আমি এটিএন বাংলা চ্যানেলে প্রোগ্রাম অ্যাডভাইসর হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি। বর্তমানে এটি নিয়েই মূল ব্যস্ততা চলছে। এটিএন বাংলায় ‘নীড় খোঁজে গাঙচিল’ শিরোনামে আমার রচনা ও পরিচালনায় একটি নাটক প্রচার হচ্ছে। প্রায় ৮৫০ পর্ব হয়েছে নাটকটি। আমাদের পরিকল্পনা ১০০০ পর্ব পর্যন্ত নাটকটি নিয়মিত করবো। এটি দর্শকদের চাহিদা থেকে। এছাড়া ঈদের জন্য ১০ পর্বের একটি ধারাবাহিকের পরিকল্পনা রয়েছে। কোনোকিছুই এখনো চূড়ান্ত হয়নি। নাটকের শুটিং পুরোটা দেশের বাইরে হবে। এখন পর্যন্ত কাজের ব্যস্ততা এগুলোই।
আপনার নাটকগুলো সাধারণত দেশের বাইরে বা ঢাকার বাইরে বেশি শুটিং হয়ে থাকে। এর বিশেষ কোনো কারণ আছে কি-না?
লোকেশনের প্রতি আমার অন্যরকম ভালোলাগা কাজ করে। এটি মূল কারণ। কক্সবাজারে আমি প্রায় ১০০টি নাটক করেছি। এছাড়া দেশের অন্য লোকেশন তো রয়েছেই। এছাড়া দেশের বাইরে কাজ করার কারণ এই লোকেশন।
দর্শকরা এখন অনেকটাই টেলিভিশনবিমুখ। তাই টেলিভিশনের নিয়মিত ধারাবাহিকগুলোর প্রতি দর্শকদের আগ্রহ কমে যাচ্ছে। সেই জায়গা থেকে ঈদের ধারাবাহিকগুলো দর্শক গ্রহণযোগ্যতা কতটুকু পাচ্ছে মনে করেন?
আমাদের সিস্টেমের এখন যে অবস্থা সেখানে একটি ভালো নাটক অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে নির্মাণ করতে হচ্ছে। আমরা এখন আর নাটক নির্মাণ করি না, নাটক নামাই। এক ঈদে ৭০০ থেকে ৮০০ নাটক নির্মাণ হয়। ৩০-৪০ জন্য অভিনয়শিল্পী দিয়ে এতগুলো নাটক নির্মাণ হচ্ছে। সেই জায়গায় তো মান নিয়ে প্রশ্ন থাকবেই। তবু আমি বলবো ভালো কাজের দর্শকর এখনো রয়েছে। টিভিতে নাটক দেখার সময় না পেলেও ইউটিউবে দর্শকরা তাদের ভালোলাগার কাজগুলো দেখছেন।
অনেকদিন নাটকের সঙ্গে রয়েছেন। এবার সিনেমার কোনো খবর পাওয়া যাবে কি-না?
কয়েকবছর আগে একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি আমি নিয়েছিলাম। প্রায় সবকিছু গুছিয়ে আনার পর কাজটি আর করতে পারিনি। তবে আমি এখনো সিনেমা নির্মাণের পরিকল্পনা করি। তবে কোনো ধরনের পুরস্কারের জন্য নয়, বিনোদনের জন্য সিনেমা নির্মাণ করবো। যেন আমার সিনেমাটি দেখে দর্শকরা ইমোশনাল হয়, হাততালি দেয়। এমনই একটি সিনেমা আমি নির্মাণ করবো। তবে ঠিক কবে করবো সেটি এখনো বলতে পারছি না।
