মৌলভীবাজার প্রতিনিধি
‘প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ, কুষ্ঠমুক্ত হোক আমাদের বাংলাদেশ’— প্রতিপাদ্যে গতকাল রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ইত্যাদি। সিভিল সার্জন কার্যালয় থেকে সিভিল সার্জনের নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে জেলা ইপিআই ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি পাল কানুগো।
এদিকে কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, সকাল সাড়ে ১০টায় চাতলাপুর ও পাত্রখোলা চা-বাগানে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলার চাতলাপুর চা-বাগানে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাতলাপুর চা-বাগান হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. জাকারিয়ার সভাপতিত্বে ও হীড বাংলাদেশের কমিউনিটি রিসোর্স পারসন অসিত পালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, ফ্যামিলি প্ল্যানিং সুপারভাইজার মৃদুল দত্ত, কম্পাউন্ডার প্রশান্ত কুমার রায়, বিশ্বেস্বর দেব, হীড বাংলাদেশের অ্যাসিসট্যান্ট কোঅর্ডিনেটর হরিনারায়ণ কৈরী, ঝন্টু বাউরী, কুষ্ঠ রোগী শ্রীরাম রজক। সবশেষে জনসচেতনতায় চাতলাপুর চা-বাগান, ফাঁড়ি চুয়াল্লিশ পাট্টা ও শমসের নগর কানিহাটি চা-বাগানে প্রচারণা চালানো হয়।
