গফরগাঁওয়ে রেইনট্রি রক্ষা করে সড়ক উন্নয়নের দাবি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:১৬

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁও-ভালুকা সড়কের গফরগাঁও উপজেলার ধোপাঘাট গ্রামের কৃষ্টবাজার এলাকার একটি শতবর্ষী বৃক্ষ রেইনট্রি রক্ষা করে সড়ক উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঐ দাবিতে তারা সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপিও দিয়েছেন।

সওজের ময়মনসিংহ জোনের আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততা উন্নীতকরণ প্রকল্পের আওতায় ভালুকা-গফরগাঁও-হোসেনপুর সড়ক প্রশস্ত হচ্ছে। সড়কটি প্রশস্তকরণের জন্য সওজ রাস্তার পাশের রেইনট্রি কড়ইগাছটি কাটার সিদ্ধান্ত নেয়। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান গাছটি কাটা শুরু করলে এলাকাবাসী বাধা দেয় এবং সওজের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয়। তাদের দাবি, শতবর্ষী গাছটি রেখে নকশা পরিবর্তন করে সড়কটি উন্নয়ন করা হোক। সওজের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেওয়ার কথা স্বীকার করে ভাষা শহিদ আব্দুল জব্বার স্মৃতি ছাত্র সংসদের সাবেক সভাপতি ধোপাঘাট গ্রামের এবাদত হোসেন বলেন, শতবর্ষী এই গাছটি নিয়ে এলাকার মানুষের অনেক আবেগ আছে। আবার সড়কের উন্নয়নও সময়ের দাবি। সড়ক উন্নয়ন হলে এলাকার উন্নয়ন হবে। নকশা পরিবর্তন করে মাঝখানে রেখে দুই দিকে সড়কটি প্রশস্ত করা হলে গাছটি রক্ষা পাবে।  রাওনা ইউপি চেয়ারম্যান আবির হাসান সাহাবুল বলেন, শতবর্ষী গাছটি রক্ষা করতে পারলে এলাকার মানুষ খুশি হতো। ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ সড়ক উন্নয়নে যেভাবে নকশা করা হয়েছে সেভাবে কাজ করতে গেলে গাছটি কাটা ছাড়া আর কোনো উপায় নেই। তবে গাছটি রেখে বিকল্প কোনো পদ্ধতিতে রাস্তা সম্প্রসারণের নকশা করা যেত কি না এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।