উত্পাদনের ঘাঁটি হলেও পাবনায় কমছে না পেঁয়াজের দাম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:১৮

পাবনা প্রতিনিধি

আগাম জাতের নতুন পেঁয়াজে পাবনার হাট-বাজার ভরা। তবুও খুচরা বাজারে দাম এখনো কেজি ১০০/১১০ টাকা। তাই টিসিবির ৩০ টাকা দরে প্রতি কেজি পেঁয়াজ কিনতে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছে। তাও দুই কেজির বেশি মিলছে না। জেলার সুজানগর ও সাঁথিয়া উপজেলা পেঁয়াজের ঘাঁটি হিসেবে পরিচিত।

সুজানগর হাটের পাইকারি ব্যবসায়ী আবুল কালাম ও রবিউল ইসলাম বলেন, সুজানগর পাইকারি হাট থেকে বিভিন্ন জেলার ব্যবসায়ীরা ট্রাক ট্রাক পেঁয়াজ কিনে নিয়ে যান। এদিকে রবিবার পর্যন্ত সুলভ মূল্যে পেঁয়াজ কিনতে টিসিবির ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে অন্তত ২০০ গজের দীর্ঘ লাইন দেখা গেছে। টিসিবির বিক্রয় প্রতিনিধি শেখ রুমী জানান, শুধু পাবনা জেলা শহরে সপ্তাহের প্রতি মঙ্গল, রবি ও বৃহস্পতিবার শহরের গোপালপুর, ট্রাফিক মোড় ও অনন্ত বাজার এলাকায় তিন টন করে তাদের পেঁয়াজ বিক্রি হয়। ৩০ টাকা কেজি দরে প্রত্যেক ক্রেতাকে দুই কেজি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে। মূল্য কম, তাই পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন। লাইনে থাকা কয়েক জন বয়স্ক ক্রেতা বলেন, বাজারে আগাম জাতের নতুন পেঁয়াজ প্রচুর; কিন্তু এখনো দাম কমেনি। প্রতি কেজি পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে ৩০ টাকা কেজিতে। দুই কেজির বেশি দিচ্ছে না। যদি আরো কেজি তিনেক করে দিত, তাহলে কষ্ট কম হতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজহার আলী বলেন, পাবনা জেলায় এবার পেঁয়াজ আবাদের পূর্ববর্তী সব রেকর্ড ভঙ্গ হবে বলে তিনি মনে করেন। এবার পাবনার ৯ উপজেলায় ৪৯ হাজার ৪২০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের ব্যবস্থা করা হয়েছে। তার ধারণা, তা ৫৫ হাজার হেক্টরও ছাড়িয়ে যাবে।