মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পদ্ধতি সহজিকরণ, দালালদের উত্পাত থেকে রক্ষা, গাড়ির নিবন্ধনে অতিরিক্ত টাকা খরচ করাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর বিআরটিএ কার্যালয় প্রাঙ্গণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
মেহেরপুর বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিএর চেয়ারম্যান ড. মো. কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর খুলনা বিভাগীয় উপপরিচালক মো. মহাসিন হোসেন, মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো তৌফিকুর রহমান। মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিআরটিএর চেয়ারম্যান বলেন, মাত্র তিন মাস আগে বিআরটিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি। লাইসেন্সপ্রাপ্তির পদ্ধতি সহজিকরণ করার প্রক্রিয়া চলছে।
