তেঁতুলিয়ায় র্যাব-পুলিশ ও পাথর শ্রমিকদের সংঘর্ষে নিহত এক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:২২

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুরে পুলিশ ও পাথর শ্রমিকদের সংঘর্ষে জুমারউদ্দিন (৫৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টায় সংঘটিত এ ঘটনায় পুলিশ-র্যাব সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত চার জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সাধীন রয়েছে। নিহত শ্রমিক উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রামের বাসিন্দা ও দেবারুর ছেলে।  সদর হাসপাতালের আরএমও ডা. সিরাজউদ্দৌলা পলিন এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরে রক্তক্ষরণ হচ্ছিল। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত না করে কিছু বলা যাবে না। পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, সংঘর্ষে ১১ পুলিশ-র্যাব আহত এবং পুলিশের বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল ছোড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।