জয়ের ধারায় ভারত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:২৬

স্পোর্টস ডেস্ক

আগের ম্যাচে তাও স্কোরকার্ডে বড়ো রান জমা করতে পেরেছিল নিউজিল্যান্ডে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অকল্যান্ডের ইডেন পার্কে সেটাও পারল না কেন উইলিয়ামসনের দল। ফলাফল গতকাল রবিবার লো-স্কোরিং ম্যাচে ৭ উইকেটের বিরাট জয় নিয়ে মাঠ ছাড়ল বিরাট কোহলির দল। নিউজিল্যান্ডের মাটিতে টানা দ্বিতীয় জয় পেল ভারত।

টসে জিতে ব্যাট করতে নামা স্বাগতিকদের বিপক্ষে দুই পেসার মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহ ও স্পিনার রবিন্দ্র জাদেজার দুরন্ত বোলিং করেন। এর সুবাদে নিউজিল্যান্ডকে মাত্র ১৩২ রানে আটকে রাখে ভারত। নিউজিল্যান্ডের হয়ে কেউই ৫০-এর অঙ্ক ছুঁতে পারেননি। হারায় ৫টি উইকেট। সর্বোচ্চ ৩৩টি করে রান করেন ওপেনার মার্টিন গাপটিল ও উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট। আরেক ওপেনার কলিন মুনরো করেন ২৬ রান।

বোলিংয়ে সবচেয়ে কার্যকর ছিলেন রবিন্দ্র জাদেজা। বাঁ-হাতি এই স্পিনার চার ওভার বোলিং করে মাত্র ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। বুমরাহ চার ওভারে ২১ রান দিয়ে নেন ১ উইকেট। অন্যদিকে শামি কোনো উইকেট না পেলেও চার ওভারে দিয়েছেন মাত্র ২২ রান।

১৩৩ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারতীয় দল। জয়ে বড়ো অবদান আবারও লোকেশ রাহুলের। তিনি অপরাজিত থাকেন ৫৭ রান করে। ৫০ বলের ইনিংসে ছিল তিনটি চার ও দুইটি ছক্কা। টি-টোয়েন্টি দারুণ সময় কাটাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিনি সর্বশেষ পাঁচটি ইনিংসের মধ্যে চারটিতেই করেছেন হাফ সেঞ্চুরি। যেটাতে করতে পারেননি সেটা ছিল ৪৫ রানের ইনিংস।

যদিও হাফ সেঞ্চুরি বঞ্চিত হন শ্রেয়াস আইয়ার। ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করতে গিয়ে তিনি টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে আসেন। ৩৩ বলে ৪৪ রান করে আউট হন শ্রেয়াস। তার বিধ্বংসী ইনিংস সাজানো একটি চার ও তিনটি ছয় দিয়ে।

২.৩ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বিরাট কোহলির দল। নিউজিল্যান্ডের টিম সাউদি নেন দুই উইকেট। যদিও, দলের দুই তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা ও অধিনায়ক কোহলি গতকাল রানের মুখ দেখেননি। রোহিত ১১ ও কোহলি আট রান করেন।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। আগামী ২৯ জানুয়ারি, বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ। খেলা হবে হ্যামিল্টনের সেডন পার্কে।