মুমিনুলদের টেস্টের প্রস্তুতি পাক পেসারদের হুমকি বলছেন ম্যাকেঞ্জি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:২৬

স্পোর্টস রিপোর্টার

টি-২০ দল পাকিস্তানে যাওয়ার পর থেকেই মিরপুর স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছে টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটাররা। টেস্ট খেলতে আগামী ৫ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ টেস্ট দল। মিরপুরে সেই প্রথম টেস্টের প্রস্তুতিতেই ব্যস্ত এখন মুমিনুল হক, সাদমান ইসলামরা। অনুশীলনে আরো আছেন তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, সাইফ হাসান, মেহেদী হাসান, এবাদত হোসেনরা।

পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে। আগামী ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। তারপর আগামী ৫-৯ এপ্রিল করাচিতে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এই সফরে পাকিস্তান বোলিং আক্রমণকেই বাংলাদেশের জন্য বড়ো হুমকি মানছেন বাংলাদেশের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। পাক পেসারদের রিভার্স সুইং খেলা বড়ো পরীক্ষা হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য।

টেস্ট সিরিজেও পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন না ম্যাকেঞ্জি। টেস্টের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে গতকাল এই প্রোটিয়া কোচ বলেছেন, ‘আমার মনে হয় টেস্ট দলের জন্য বড়ো বিষয় হলো, বল বাউন্স করবে, আমরা উপমহাদেশ এবং পাকিস্তানে খেলি না কেন। আমরা জানি ভালো উইকেট থাকবে যদিও গতিময় হবে।’

সিরিজে পাক পেসার মোহাম্মদ আব্বাস, শাহীন শাহ আফ্রিদিরা চ্যালেঞ্জ জানাবেন মুমিনুল-তামিমদের। ম্যাকেঞ্জি পেসারদেরই হুমকি মনে করছেন। গতকাল তিনি বলেছেন, ‘পাকিস্তানি পেসাররা বড়ো হুমকি। ইতিহাস বলে তারা বল রিভার্স সুইং করায়। মাত্রই কিছুটা প্রস্তুতি হলো যেখানে বল স্বাভাবিকের তুলনায় বেশি বাউন্স করবে। রিভার্স সুইং খেলার জন্য কিছু প্রস্তুতি নেব আমরা এবং ম্যাচের প্রস্তুতি হবে। তাদের কয়েকজন বাঁহাতি পেসার আছে। সৌভাগ্যবশত আমাদেরও কিছু বাঁহাতি পেসার আছে। বোলিংয়ের অ্যাঙ্গেল নিয়ে কথা বলছি। কোথায় ব্যাট করবে, খেলাটা সহজ করার জন্য চেষ্টা করছি।’

ম্যাকেঞ্জির চোখে টেস্টের প্রস্তুতি ভালোই হচ্ছে মিরপুরে। গতকাল দুপুর থেকে ফিল্ডিং, ব্যাটিং, বোলিং করেছেন মুমিনুলরা। বিশেষ করে স্লিপে ক্যাচ ধরার অনুশীলনে বেশ সময় দিয়েছেন ফিল্ডিং কোচ রায়ান কুক ও ম্যাকেঞ্জি। আগামী ৩১ জানুয়ারি শুরু হতে চলা বিসিএলের প্রথম রাউন্ডে খেলবেন টেস্ট ক্রিকেটাররা। তারপরই পাকিস্তানে উড়াল দিবে মুমিনুল হকের দল। প্রথম টেস্ট খেলেই আবার দেশে ফিরবেন ক্রিকেটাররা।

টেস্টের প্রস্তুতি সম্পর্কে ম্যাকেঞ্জি বলেছেন, ‘আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি। টেস্ট প্লেয়ারদের সঙ্গে সময় কাটাচ্ছি যারা টি-২০ দলের সঙ্গে নেই। সত্যিই ভালো, আমি নতুন কয়েকজনকে জানতে পারছি যারা সিস্টেমের মধ্যে এসেছে। শুধু তাদের স্কিল উন্নত করার চেষ্টা করছি। আমরা গত কয়েক মাসে ভালো রেজাল্ট পাচ্ছি না। এটা কাউকে খারাপ প্লেয়ার বানিয়ে দেয় না। কিন্তু প্লেয়ারদের স্কিলের উন্নতি ও ক্রিকেটে সচেতনতা বাড়াতে আমাদের প্রচেষ্টা চালু রাখতে হবে।’