বার্সার ‘অ্যাওয়ে’ ভাগ্য অপরিবর্তিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:২৭

স্পোর্টস ডেস্ক

চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠ যেন বার্সেলোনার জন্যে মূর্তিমান আতঙ্কের নাম। ১১ ম্যাচে মোটে ১৫ পয়েন্ট পাওয়া দলটি নতুন কোচ কিকে সেতিয়েনের অধীনেও অ্যাওয়ে মাঠে জিততে ব্যর্থ হয়েছে। প্রায় ১৩ বছর পর ভ্যালেন্সিয়ার কাছে তাদেরই মাঠে হেরেছে ২-০ ব্যবধানে। শুধু পয়েন্ট তালিকার শীর্ষস্থানই নয়, এই হারে দলের অনেক সমস্যাও সামনে উঠে এসেছে প্রকটভাবে।

শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় শুরুর অর্ধে বলের দখল থাকলেও সেগুলোকে গোলের সুযোগে রূপ দিতে পারছিল না বার্সা মাঝমাঠ। উলটো প্রতিআক্রমণে ত্রাস ছড়াচ্ছিল ভ্যালেন্সিয়াই। প্রথমার্ধের শুরুতে একটি পেনাল্টিও পেয়েছিল দলটি। তবে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের কল্যাণে সে যাত্রায় পার পায় সফরকারী বার্সা।

প্রথমার্ধের পেনাল্টির সুযোগ নষ্ট করা ম্যাক্সি গোমেজ দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন। ৪৮ মিনিটে তার করা শট জর্দি আলবার পায়ে লেগে জড়ায় কাতালানদের জালে। এরপর বার্সা ফেরার চেষ্টা করলেও ভ্যালেন্সিয়া রক্ষণ আর গোলরক্ষক জমি ডোমেনেখের বাঁধা পেরিয়ে গোলের দেখা পায়নি। ৭০ মিনিটে সেই ম্যাক্সির গোলেই ভ্যালেন্সিয়া ব্যবধান বাড়ায়। এরপর শেষ পর্যন্ত রক্ষণেই বেশি মনোযোগ ছিল স্বাগতিকদের। ফলে প্রায় এক যুগ পর ঘরের মাঠে কাতালানদের হারায় দলটি।

হারের কারণ হিসেবে নেহায়েত বাজে খেলাকেই দায়ী করলেন বার্সা কোচ সেতিয়েন। তিনি বলেন, ‘সত্যি ব্যাপারটা হচ্ছে, আমরা একদমই ভালো খেলিনি; বিশেষত প্রথমার্ধে। তাদের জালে বল জড়ানোর কোনো উপায় বের করতে পারিনি এবং অনেক দিক ছিল যেখানে আমরা ভালো খেলিনি। ভ্যালেন্সিয়া আমাদের ভুলের সুযোগ নিয়েছিল।’

এ হারে অবশ্য খেলোয়াড়দের মনোভাবকে দায়ী করলেন না সেতিয়েন, ‘তাদের মনোভাবে কোনো সমস্যা নেই। খেলায় পুরোপুরি নিবেদিত ছিল ছেলেরা কিন্তু আমরা ভালো খেলতে পারিনি। আমরা কিছু অর্থহীন পাস খেলেছি, কেবল খেলার জন্যেই খেলেছি। আমাদের আক্রমণ আর সামর্থ্যে ঘাটতি ছিল।’ 

এরপর কোপা দেল রের খেলায় লেগানেসকে আতিথ্য দেবে বার্সা। ৩০ জানুয়ারির ম্যাচটির আগেই সমস্যার সমাধান খুঁজে বের করতে চান সেতিয়েন, ‘ব্যাপারটা সবকিছু ভালো করে করায় নির্ভর করছে। আমরা একে সতর্কভাবে বিশ্লেষণ করব এবং সমাধান খুঁজে বের করব।’

এ হারের ফলে শীর্ষস্থান হুমকির মুখে দলটির। গতরাতে রিয়াল মাদ্রিদ জিতে থাকলে চলে যাবে লা লিগার চূড়ায়। এক গোলে হারলেও বার্সা থেকে গোলগড়ে এগিয়ে শীর্ষে যাবে জিনেদিন জিদানের শিষ্যরা। তবে এটিই এখন বার্সেলোনার একমাত্র সমস্যা নয়। দলটির জন্যে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে বেঞ্চে খেলোয়াড়ের অভাব।

চলতি দলবদলেই মিডফিল্ডার কার্লোস আলেনইয়া আর ডিফেন্ডার জঁ ক্লেয়ার তোদিবোকে ধারে পাঠিয়েছে দলটি। বাড়তি সমস্যা হিসেবে যোগ দিয়েছে ফরোয়ার্ড লুইস সুয়ারেজের চোট। এই তিন খেলোয়াড়কে হারানোর ফলে দলটির স্কোয়াডের গভীরতা আচমকাই কমে গেছে, যা আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্ব, কোপা দেল রে ও লিগ মৌসুমের শেষ অংশে দলকে ভোগাতে পারে ভালোভাবেই।