বসুন্ধরার অধিনায়ক সাবিনা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

বড়ো দল বুসন্ধরা কিংসের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে তারকা ফুটবলার সাবিনা খাতুনকে। সর্বোচ্চ পারিশ্রমিক দেয়া হয়েছে তাকে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান প্রকাশ করেননি পারিশ্রমিকের বিষয়। শুধু জানিয়েছেন তাদের খেলোয়াড়দের পারিশ্রমিক দুই থেকে পাঁচ লাখ টাকা। জানা গেছে সাবিনা পাঁচ লাখ টাকা পাচ্ছেন সঙ্গে নেতৃত্ব দেয়ার সুযোগ। সাবিনা দেশের নারী ফুটবলে বর্তমানে সবচেয়ে সিনিয়র খেলোয়াড়। ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও তার নামে। তিনবার লিগ হয়েছিল। পরে আর খেলা হয়নি বলে সাবিনা জাতীয় দলের সঙ্গেই কাজ করে আসছিলেন। সাতক্ষীরার এই মেয়েটি এরই মধ্যে দেশের ফুটবল ছাড়িয়ে বিদেশের মাটিতে খেলে আলো ছড়িয়েছেন। মালদ্বীপের নারী ফুটবলে দুইবার খেলেছেন সাবিনা। তার পথ অনুসরণ করে আরো একজন গোলকিপার যশোরের সাবিনাও গিয়েছিলেন মালদ্বীপে খেলতে। সাবিনা নারী ফুটবলের প্রথম পেশাদার খেলোয়াড়, যিনি বিদেশের মাটিতে খেলেছেন। আর পুরুষদের মধ্যে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন প্রথম ফুটবল যিনি ৭০ দশকের শেষ ভাগে হংকংয়ের ক্লাব ফুটবল খেলেছেন।

সাবিনা ভারতীয় নারী ফুটবলেও খেলতে গিয়েছিলেন। কিন্তু সেখানে ম্যাচ খেলা হয়নি দুর্ভাগ্যক্রমে। ১০ বছর ধরে ফুটবল খেলছেন সাবিনা। একজন অভিজ্ঞ স্ট্রাইকার, দলে এবং দলের বাইরেও যিনি দক্ষতা দিয়ে নিজের স্থান পাকা করেছেন তার ওপর আস্থা রাখতে চায় বসুন্ধরা। সাবিনাও আস্থার প্রতিদান দিতে চান। গতকাল দলবদল করতে গিয়ে সাবিনা বললেন, ‘আমাদের টার্গেট ট্রফিটা বসুন্ধরাকে এনে দেওয়া। সেই সঙ্গে ধন্যবাদ দিতে চাই শেষ পর্যন্ত মেয়েদের লিগটা শুরু হচ্ছে।’

বসুন্ধরা কিংসে সাবিনা, মাসুরা লিগ খেলেছেন। আর কৃষ্ণা রাণী সরকার একটি ম্যাচ খেলেছিলেন আরামবাগের হয়ে। বাদবাকি যা আছে সবাই এবারই প্রথম নারী ফুটবল লিগে খেলছেন। সানজিদা বললেন, ‘আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আগে জাতীয় দলে খেলেছি। এবার ক্লাব ফুটবলের স্বাদ গ্রহণ করব।’