শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘দশম যাত্রানুষ্ঠান-২০১৮’। এতে ৯টি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চায়ন হচ্ছে। যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই যাত্রাপালা মঞ্চায়নের আয়োজন করেছে। একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় গতকাল সোমবার শুরু হওয়া দুদিনব্যাপী এই অনুষ্ঠান আজ শেষ হবে। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে যাত্রাপালার মঞ্চায়ন হবে। প্রতিদিন বেলা ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত একটানা বিভিন্ন যাত্রাদল তাদের পরিবেশনায় অংশ নেবেন।
গতকাল চারটি যাত্রাদল তাদের যাত্রাপালা মঞ্চায়ন করে। এগুলো হচ্ছে- খুলনার বনানী অপেরা মঞ্চস্থ করে ‘মায়ের চোখে জল’, যশোরের সিজারস যাত্রা ইউনিট ‘মমতাময়ী মা’, ঢাকার একতা অপেরা ‘আপন দুলাল’ ও শিখা নাট্যগোষ্ঠীর ‘অনুসন্ধান’। আজ মঙ্গলবার শেষ দিনে পাঁচটি দল যাত্রাপালা মঞ্চায়ন করবে। এগুলো হচ্ছে- ধামরাইয়ের প্রগতি নাট্য সংস্থা ‘সরস্বতী কলঙ্কিনী’, কুড়িগ্রামের লাভলী শিল্পী গোষ্ঠী ‘গুনাই বিবি’, কুষ্টিয়ার নবপ্রভাত অপেরা ‘জেল থেকে বলছি’, নেত্রকোনার সবুজ বাংলা যাত্রা ইউনিট ‘সূর্যসাক্ষী’ ও জামালপুরের সোনার বাংলা যাত্রা দল মঞ্চস্থ করবে ‘আপন দুলাল’।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী জানান, যাত্রাশিল্প উন্নয়ন কমিটির তিন সদস্য যাত্রাপালা মূল্যায়ন করবেন। তাদের মূল্যায়নের ভিত্তিতে নিবন্ধন প্রদান করা হবে। ইতোমধ্যে ১০৬টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করা হয়েছে। ১৫টি যাত্রাদলের নিবন্ধন বাতিল করা হয়েছে। মূল্যায়ন কমিটির সদস্যরা হলেন- আইটিআই বিশ্ব সভার সভাপতি রামেন্দু মজুমদার, নাট্যজন এস এম মহসীন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আফসার আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. বদরুল আলম ভূঁইয়া ও যাত্রাশিল্পী উন্নয়ন কমিটির সভাপতি মিলন কান্তি দে।
শিল্পকলায় বিশ্বসাহিত্য নিয়ে আলোচনা: বিশ্ব-সাহিত্যের অনন্য ও আলোকিত অংশ এবং এর সৌন্দর্যকে শিল্পসমঝদার ও সাহিত্যপ্রেমীদের সামনে উপস্থাপনের লক্ষ্যে শিল্পকলা একাডেমি আয়োজন করেছে পাক্ষিক বিশ্বসাহিত্য পরিক্রমা। গতকাল একাডেমির জাতীয় নাট্যশালায় সেমিনার হলে তৃতীয় পর্বে আলোচনা হয় ফারসি সাহিত্যের অতীত ও বর্তমান চর্চা এবং বাংলাদেশে ফারসি সাহিত্যের অবস্থান বিষয়ে। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান। উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক শওকত ফারুক, প্রযোজনা বিভাগের পরিচালক ড. কাজী আসাদুজ্জামান এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. জসিম উদ্দিন প্রমুখ।
