স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগের জন্য ছয় ভেন্যু আগেই চূড়ান্ত করেছিল বাফুফের লিগ কমিটি। ছয় ভেন্যুর সঙ্গে আরেকটি যোগ হতে যাচ্ছে। চট্টগ্রাম আবাহনী আবার চট্টগ্রামে ফিরতে চায়। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সামছুল হক চৌধুরী এমপি চট্টগ্রামে লিগের ভেন্যুর কথা বলেছেন। এটা নিয়ে বাফুফের কোনো আপত্তি নেই। লিগ কমিটি কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে।’ ৩০ জানুয়ারি লিগ শুরু হওয়ার কথা রয়েছে। লিগ এক সপ্তাহ পেছাতে অনুরোধ করেছে বসুন্ধরা, সেটি নিয়ে আগামী সভায় সিদ্ধান্ত হবে।
কয়েক মৌসুম ধরে চট্টগ্রাম আবাহনী ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে ফুটবল ক্যাম্প গড়ে তুলেছে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা সবাই ঢাকায় অবস্থান করে। চট্টগ্রামে খেলা হতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তারা। চট্টগ্রাম আবাহনীর বিষয়টি চূড়ান্ত হওয়ার দিনে ৩০ জানুয়ারি লিগের তারিখও নতুন পুনর্নির্ধারণ হতে পারে। এখন যদি চট্টগ্রামে পুনরায় লিগের ভেন্যু হয় তাহলে চট্টগ্রামের ফুটবলের উন্নতি হবে, এমনটা মনে করেই সেখানে ফেরার ভাবনা চট্টগ্রাম আবাহনীর কর্তা সামছুল হক চৌধুরীর।
