বিসিএল ড্রাফট আজ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:২৯

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্লেয়ার্স ড্রাফট আজ। ফ্র্যাঞ্চাইজভিত্তিক এই প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সকাল ১১টায় শুরু হবে প্লেয়ার্স ড্রাফট।

আগের মতোই দল চারটিই থাকছে বিসিএলে। তবে এবার ফ্র্যাঞ্চাইজি দুইটি, আর দুইটি দল বিসিবির অধীনে থাকবে। সর্বশেষ আসরে থাকলেও এবার বিসিএল থেকে সরে গেছে প্রাইম ব্যাংক লিমিটেড।

এদিকে বিসিএলের জন্য গতকাল ফিটনেস টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। জাতীয় দলের বাইরে থাকা প্রায় ১০০ ক্রিকেটার মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন। বেশিরভাগ ক্রিকেটারই নির্বাচকদের বেঁধে দেওয়া ১১ লেভেল পার হয়েছেন। অকৃতকার্যরা আজ আরেকবার নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন। সকাল ৮টায় আবার টেস্ট দিবেন তারা। এনসিএলের মতোই বিসিএলেও সিনিয়র ক্রিকেটারদের জন্য কিছুটা ছাড় রয়েছে।

ফিটনেস টেস্ট পরিচালনা করা বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম জানতে চাইলে বলেছেন, ‘বেশিরভাগ ক্রিকেটারই ভালো করেছে। নির্বাচকদের ১১ স্কোরকে বেঞ্চমার্ক রেখেছেন। সর্বোচ্চ ১৩.৪ স্কোর তুলেছে মুমিনুল ইসলাম জুনিয়র।’

প্রায় ১১ কেজি ওজন কমিয়েছে ঝরঝরে এখন মোহাম্মদ আশরাফুল। যুবা ক্রিকেটারের প্রতিচ্ছবি যেন আশরাফুলের মধ্যে। গতকাল বিপ টেস্টে যার প্রতিফলন ছিল। ১১.১১ স্কোর তুলেছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। এদিন ১৩ এর বেশি স্কোর তুলেছেন তিন তরুণ ক্রিকেটার। মুমিনুল ইসলাম জুনিয়র ১৩.৪, অঙ্কন ১৩.২,  রুহেল মিয়া ১৩.২ স্কোর করেন।

আশরাফুল ছাড়া সিনিয়রদের মধ্যে তুষার ইমরান ৯.৮, আব্দুর রাজ্জাক ১০.১, নাঈম ইসলাম ১০.৫, শাহরিয়ার নাফিস ১১ স্কোর তুলেছেন। পাশ করতে পারেননি এনামুল হক বিজয়। তার স্কোর ছিল ১০.৫। বিজয়ের মতোই পাশ করতে পারেননি নাদিফ চৌধুরী, মার্শাল আইয়ুব, ইলিয়াস সানিরা। অংশ নিয়েছিলেন ক্যান্সারের লড়াই জিতে ফেরা মোশাররফ হোসেন রুবেলও। তরুণদের মধ্যে ইয়াসির আলী রাব্বি (১০.৫) ও মুকিদুল ইসলাম মুগ্ধ (১০.৩) ফিটনেস টেস্ট উতরাতে পারেননি।