ধোপাছড়ি অভয়ারণ্যকে রক্ষা করতে হবে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:৪৩

চট্টগ্রামের ধোপাছড়ি বনাঞ্চলকে সরকার বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করে। এটি চন্দনাইশ উপজেলার পাহাড় ও শঙ্খ নদী বেষ্টিত ধোপাছড়ি ইউনিয়ন। বনাঞ্চলটি ধোপাছড়ি, সাঙ্গু, দুধপুকুরিয়া ও কমলাছড়ির বনবিটের আওতাধীন প্রায় পাঁচ হাজার হেক্টরের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত। এখান থেকে প্রতিদিন বাঁশ ও কাঠ কেটে বিনা বাধায় পাচার হচ্ছে। ফলে এই অভয়ারণ্যে পশুপাখির বসবাস ও খাবার সংকট দেখা দেওয়ায় বন্য হাতিসহ অন্যান্য প্রাণী প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ে। এদিকে ধোপাছড়ি, সাঙ্গু, লালুটিয়া ও বৈলতলী বিটের সামনে দিয়ে বাঁশ পাচারকারী সিন্ডিকেট চক্র বাঁশের ছোটো ছোটো চালি শঙ্খ নদীতে ভাসিয়ে বাজালিয়া ও দোহাজারীর পাইকারি বাজারে বিক্রি করছে। এভাবে চলতে থাকলে অভয়ারণ্য বৃক্ষশূন্য হয়ে পড়বে। তাই বন, প্রাণী এবং পরিবেশের জন্য ধোপাছড়ি অভয়ারণ্যকে রক্ষা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ কামনা করি।

শ্রীধর দত্ত

মেলঘর, পটিয়া, চট্টগ্রাম