সোয়া কোটি টাকার অবৈধ সম্পদ
ইত্তেফাক রিপোর্ট
প্রায় সোয়া কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক হিসাবরক্ষক মো. জামাল উদ্দিনের স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম মামলাটি করেন।
মামলায় অভিযোগের ব্যাপারে বলা হয়, সাবেক হিসাব রক্ষক জামাল উদ্দিনের স্ত্রী মিসেস শিরিন আক্তার অসত্ উদ্দেশ্যে অবৈধভাবে ১ কোটি ২০ লাখ ২২ হাজার ৪৬৯ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে তা নিজের ভোগদখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া উক্ত অপরাধলব্ধ সম্পদ আয়ের অবৈধ উত্স, প্রকৃতি, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ, উত্স গোপন বা আড়াল বা ছদ্মাবৃত্ত করার লক্ষ্যে স্থানান্তর/রূপান্তর/হস্তান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলায় আসামি মিসেস শিরিন আক্তারের বর্তমান ঠিকানা লেখা রয়েছে, বাড়ি-৬৬, রোড-১৮, ব্লক-বি, ফ্ল্যাট-ডি-৩, বনানী আবাসিক এলাকা। আর স্থায়ী ঠিকানা লেখা রয়েছে—গ্রাম-পূর্ব রাজা রামপুর, ডাকঘর-মাইজদী কোর্ট, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী।
