আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মনোনীত স্বাধীনতার পক্ষের নৌকার মেয়র প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে ঢাকাবাসী মুজিববর্ষ উদ্যাপন করবে। গতকাল রবিবার বিকালে আজিমপুর গার্লস স্কুল প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষ্যে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, আমরা চাই নির্বাচিত মেয়ররা ঢাকাকে মশকমুক্ত পরিচ্ছন্ন আধুনিক শহরে পরিণত করবেন। তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা পরিপূর্ণ সহযোগিতা করবেন। আমরা চাই না, নির্বাচিত মেয়ররা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করুক। এ ব্যাপারে ঢাকার ভোটাররা ক্ষমা করবেন না। মোহাম্মদ নাসিম বলেন, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা কেউই স্বাধীন বাঙালি হিসেবে পরিচয় দিতে পারতাম না। আমরা খুবই গর্বিত যে, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি বলেন, দেশে-বিদেশে অত্যন্ত গৌরবের সঙ্গে এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে।
স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।
