নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের নয়ালখাল ডাকঘরপাড়া গ্রামে মেহেরজানা বানু (৫০) নামক এক নারীকে গলা কেটে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সকাল ১০টার দিকে এলাকাবাসী ঐ নারীর বাড়ি হতে আধা কিলোমিটার দূরে দক্ষিণ দুরাকুটি গ্রামের একটি বাঁশঝাড়ে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। দুপুর ২টায় পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঐ নারীর প্রথম স্বামীর ঘরে এক ছেলে দুই মেয়ে রয়েছে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেহেরজানা বাবার বাড়িতে এসে আশ্রয় নেন। এখানে তিনি মিজানুর রহমান নামের একজনকে বিয়ে করেন। কিন্তু তিন বছর আগে দ্বিতীয় স্বামীর সঙ্গেও তার বিচ্ছেদ ঘটে। ছেলেমেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় মেহেরজানা একাই থাকতেন ও ফসলি জমিতে দিনমজুরি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহবধূ জানান, মেহেরজানা প্রতিদিন রাত ৮টায় রাতের খাবার শেষে গ্রামের দোকানপাড়ের আলাকুলের দোকানে বসে টেলিভিশন দেখতেন। অসহায় হওয়ার কারণে তিনি সরকারিভাবে এবার দুর্যোগ সহনীয় পাকা ঘর পেয়েছেন। শনিবার রাতে খাওয়া শেষে তিনি দোকানপাড়ে টেলিভিশন দেখতে যান। এরপর আর বাড়ি ফেরেনি।
মেহেরজানের ছেলে মিলনবাবু (২৫) বলেন, রাতে মা বাড়ি ফিরে আসেনি সেটা জানতাম না। সকালে জানতে পারি রাত থেকে তিনি বাড়িতে নেই। সকালে খবর পাই দক্ষিণ দুরাকুটি গ্রামের বাঁশঝাড়ে কে বা কারা মাকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে। কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর হতে পিবিআই এর একটি দল ঘটনাস্থলে এসে তদন্তপূর্বক লাশের সুরতহাল তৈরি করেন।
