ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন গতকাল রবিবার দিনভর নেতাকর্মীদের নিয়ে জনসংযোগ ও প্রচারণা চালান। দুপুর ১টার দিকে গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে প্রচারণাকালে সহিংস ঘটনার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন নিজ বাসার নির্বাচনি কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে ওরা ভীতসস্ত্রন্ত হয়ে পড়েছে। তাই আমাদের গণসংযোগে কাপুরুষের মতো হামলা করছে। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, হামলা-গুলি করে জনগণকে দমিয়ে রাখা যাবে না। আমাদের নেতাকর্মীরা এতে বিন্দুমাত্র বিচলিত নয়। এ ধরনের হামলার ঘটনা ন্যক্কারজনক। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনকে বানচালের অপচেষ্টায় অংশ হিসেবে এ হামলা হয়েছে। এতে জনগণ বিভ্রান্ত হবে না। আমরা ভোটারদের আহ্বান জানাব, আপনারা অবশ্যই পহেলা ফেব্রুয়ারি নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। অধিকার আদায়ে ঘুরে দাঁড়াতে হবে। প্রেস ব্রিফিং-এ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দক্ষিণ সিটি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুস সালাম, বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কোনো মামলা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আমি মামলা করব। কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের এতগুলো মানুষ আহত হয়েছেন, গণমাধ্যমের ভাইয়েরা আহত হয়েছে। মামলা তো করবই।
ধানের শীষকে ভয় পেয়েই হামলা :তাবিথ
ইশরাক হোসেনের প্রচারে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, ধানের শীষের জয় নিশ্চিত। এই ভয় থেকেই হামলাগুলো শুরু হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রচার চালানোর সময় দুপুরে তাবিথ আউয়াল আরো বলেন, ভয় পেয়ে আমরা পিছু হটব না। ভয়কে আমরা জয় করব, এ নির্বাচনকে জয় করব। ভোটের মাধ্যমে জনগণের রায় খালেদা জিয়ার পক্ষে যাবে। সরকার এ রায় ঠেকাতে পারবে না। এরপরই আন্দোলন ত্বরান্বিত করে খালেদা জিয়াকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে আনব। গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দেশকে মুক্তির পথে নিয়ে আসব। ইশরাকের প্রচারে হামলার ঘটনার কথা উল্লেখ করে নির্বাচন কমিশনের উদ্দেশে তাবিথ বলেন, আমরা নির্বাচন কমিশনকে বারবার অনুরোধ করছি, আপনারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিন। আগামী ছয় দিন দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং ইসির সদিচ্ছা প্রমাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। নির্বাচিত হলে ১ ফেব্রুয়ারি থেকেই ঢাকার সমস্যাগুলো মোকাবিলা করবেন বলে জানান তাবিথ।
