আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) সার্বিক পরিস্থিতি অবগত হয়েছেন ঢাকাস্থ চারটি দেশের রাষ্ট্রদূতরা। রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাত্ করে এসব বিষয় অবগত হন তারা। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানান, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলেনস্টেইন, ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেইল হেমনিটি উইনথার, সুইডেনের রাষ্ট্রদূত সার্লোট্ট স্লাইটার, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন সিইসির সঙ্গে মতবিনিময় করতে এসেছিলেন। আমরা আমন্ত্রণ করিনি। তারা নিজ থেকেই এসেছিলেন। সচিব বলেন, ভোট কেমন হচ্ছে, সিস্টেম কেমন, আইনশৃঙ্খলা কেমন, ইভিএমে কীভাবে ভোট হয়, না হয় জানতে চান তারা। ইভিএমের সিস্টেমটা কেমন, ট্রেনিং কত মানুষকে দেওয়া হচ্ছে এগুলো নিয়েও কথা হয়।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও নির্বাচন পরিস্থিতি নিয়ে ইসির সঙ্গে বৈঠক করেছে। মার্কিন রাষ্ট্রদূত ইভিএম দেখে সাংবাদিকদের কাছে বলেছেন-ইভিএম ভালো লেগেছে, আশাকরি সকলেই নির্বাচনে অংশ নেবেন।
