কেরানীগঞ্জে দেওয়াল ধসে মাদ্রাসা ছাত্রসহ নিহত দুজন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০০:১০

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মুসলিমবাগ এলাকায় রবিবার দুপুর ১২টায় সীমানা দেওয়াল চাপাপড়ে মাদ্রাসা ছাত্র আব্দুর রাহিম (৭), বাবু (২৩), রুবেল (২৮) ও হারুন ৬২ গুরুতর আহত হয়। আহতদের চিকিত্সার জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক জনান, আব্দুর রাহিম ও বাবু দুপুরে মারা যায় এবং হারুনের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতদের বাড়ি মডেল থানার গোপপাড় ও মুসলিমবাগ এলাকায়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজি মাইনুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাজি বুলেট তার জমিতে সীমানা দেওয়াল দেয়। কিছুদিন আগে ঐ দেওয়ালটির মাঝের অংশে ফাটল ধরেছিল।

মাদ্রাসা ছাত্র রাহিমের বাবা আওকাত জানান, তারা ফাটল ধরা দেওয়ালটি মেরামত করার জন্য বাড়ির মালিক বুলেটকে বহুবার অনুরোধ করলেও দেওয়ালটি মেরামত না করায় এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের লাশ বিকালে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপার মডেল থানায় মামলা হয়েছে।