সীমান্তে হত্যার বিচার চেয়ে ঢাবিতে অবস্থান প্রেসক্লাবের সামনে অনশন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০০:২৩

বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) হাতে নিহত বাংলাদেশিদের হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান গ্রহণ করেছেন নাসির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসির আবদুল্লাহ। গত শনিবার বিকাল ৪টা থেকে অবস্থান গ্রহণ করেন তিনি। তিনি মার্কেটিং বিভাগের ছাত্র। বিচার না হওয়া পর্যন্ত তিনি তার অবস্থান করবেন না বলে জানান। নাসির আবদুল্লাহর সঙ্গে সংহতি প্রকাশ করে গতকাল সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে ডকুমেন্টারি দেখানো হয় জোনাকী গলির কারখানা নামক একটি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। মাহফুজ আবদুল্লাহ নামে এক শিক্ষার্থী এ প্রদর্শনীর আয়োজন করে।

এদিকে চার দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন পালন করছেন আরিফুল ইসলাম ওরফে আদীব নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তরে অধ্যয়নরত আরিফুল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। শনিবার রাতে নিরাপত্তাহীনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। রবিবার সকালে ফের প্রেসক্লাবের সামনে চলে যান তিনি। আরিফের দাবিগুলো হলো—সীমান্তে সব হত্যার আন্তর্জাতিক আইনে বিচারপ্রক্রিয়া শুরু করা। ভারতকে সীমান্তে হত্যার জন্য ক্ষমা চেয়ে আর হত্যা না করার প্রতিশ্রুতি দিতে হবে। সীমান্তে হত্যায় ক্ষতিগ্রস্ত সব পরিবারকে তদন্ত সাপেক্ষে দুই দেশের যৌথ ক্ষতিপূরণ দিতে হবে। জাতীয় সংসদে সীমান্তে হত্যার প্রতিবাদ করে নিন্দা জানাতে হবে।