চান্দিনায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০০:৩০

কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাসে দুই যাত্রীর মধ্যে কাথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের বরাট গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের ছেলে। সে পেশায় মুরগি ব্যবসায়ী।

নিহতের ভাগিনা রাসেল জানান—রবিবার সকালে বরাট বাজারে মিজানুর রহমানের দোকানে মুরগি কিনতে যায় পার্শ্ববর্তী সাইতলা গুচ্ছ গ্রামের আহাম্মদ আলী। ঐ সময়ে  মিজানুর রহমানের ছোটো ভাই সফিউল্লাহ সুফী দোকানে বসা ছিল। আহাম্মদ আলী মুরগি কেনার পর ফোন করার অজুহাতে সুফীর ব্যবহূত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। সে সারাদিনেও মোবাইল ফোনটি ফেরত দেয়নি। সন্ধ্যা ৭টায় মাইক্রোবাস যোগে চান্দিনা থেকে বাড়ি ফেরার সময় আহাম্মদ আলীর সঙ্গে মিজানুর রহমানের দেখা হয়। এ সময় দুই জনের মধ্যে মোবাইল ফোনের বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়িটি নূরীতলা নামক স্থানে পৌঁছালে আহাম্মদ আলী ছুরি দিয়ে মিজানুর রহমানের বুক-পেটসহ শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান—এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।