ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এ রিট করেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। বিচারপতি জেবি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ সোমবার এ রিটের ওপর শুনানি হতে পারে।
শামসুদ্দিন চৌধুরী বলেন, সিঙ্গাপুরে তাবিথ আউয়ালের যে ব্যবসায়িক কোম্পানি আছে, সে কোম্পানির তথ্য তিনি হলফনামায় উল্লেখ করেননি। ফলে সম্পদের তথ্য গোপনের দায়ে উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে সে আর প্রার্থী থাকতে পারে না। রিটে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।
প্রসঙ্গত এর আগে তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিকে লিগ্যাল নোটিশ দেন সাবেক এই বিচারপতি। কিন্তু কমিশন কোনো পদক্ষেপ না নেওয়ায় এ রিট করা হয়। ঐ নোটিশে বলা হয়েছিল, সিঙ্গাপুরের কোম্পানি এনএফএম এনার্জির (সিঙ্গাপুর) তিন জন অংশীদারের একজন তাবিথ। কোম্পানিটির মূল্য দেখিয়েছে ২ মিলিয়ন মার্কিন ডলারের ওপরে। এটা বিশ্বের যে কোনো দেশের টাকার অর্থেই বেশ বড়ো। কিন্তু এই তথ্য তাবিথ তার হলফনামায় উল্লেখ করেননি। তার মনোনয়ন আইনত বাতিল হতে বাধ্য।
