৫৭৫ কোটি টাকা দিতে চায় গ্রামীণফোন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০০:৫২

বিটিআরসির সাড়ে ১২ হাজার কোটি টাকা নিরীক্ষা দাবির দুই হাজার কোটি টাকা অবিলম্বে পরিশোধের যে নির্দেশ আপিল বিভাগ দিয়েছে, তা পুনর্বিবেচনার আবেদন করেছে গ্রামীণফোন। গতকাল রবিবার আপিল বিভাগে করা ওই আবেদনে ১২ মাসের কিস্তিতে ৫৭৫ কোটি টাকা দেওয়ার আবেদন করেছে তারা। গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আপিল বিভাগে গ্রামীণফোনের পক্ষ থেকে এ আবেদন করা হয়েছে। দ্রুত শুনানি হওয়ার আশা করছেন তারা।

গত ২৪ নভেম্বর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির সাড়ে ১২ হাজার কোটি টাকার নিরীক্ষা দাবির নোটিসের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রেখে গ্রামীণফোনকে অবিলম্বে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয় আপিল বিভাগ।

গ্রামীণফোন কর্মকর্তা হোসেন সাদাত বলেন, গত ২৯ ডিসেম্বর আপিল বিভাগের রায়ের সার্টিফায়েড কপি পেয়েছি আমরা। রিভিউ করতে হয় ৩০ দিনের মধ্যে। সেটা আমরা আজকে দাখিল করেছি। ভ্যাট বা ট্যাক্সের মামলায় প্রাথমিকভাবে ২৫ শতাংশ পরিশোধ করতে হয়। আমরাও মূল ২ হাজার ২৯৯ কোটি টাকার ২৫ শতাংশ অর্থাত্ ৫৭৫ কোটি পরিশোধের কথা বলেছি রিভিউ পিটিশনে।