মরক্কোয় দুই নারী পর্যটককে হত্যা ‘আইএসের’

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:১১

বিবিসি

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা মরক্কোর আটলাস পর্বতে দুই নারী পর্যটককে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তাদের একজনের শিরশ্ছেদের একটি ভিডিও অনলাইনে প্রকাশ পেয়েছে। পরীক্ষার পর ওই ভিডিও সত্য বলেই বিশ্বাস নরওয়ে পুলিশের।

গত সোমবার আটলাস পর্বতের জনপ্রিয় একটি পর্যটক স্পটে ওই দুই নারীর মৃতদেহ পাওয়া যায়। নিহত ২৪ বছরের তরুণী লুইসা ভাস্টারজার জেসপারসেন ডেনমার্কের নাগরিক। অন্যজন নরওয়ের মারেন ওল্যান্ড (২৮)। তারা দুজনই ‘ইউনিভার্সিটি অব সাউথইস্টার্ন নরওয়ে’র শিক্ষার্থী ছিলেন। গত ৯ ডিসেম্বর এক মাসের ছুটি কাটাতে তারা মরক্কো এসেছিলেন। সর্বশেষ তারা পর্যটক গ্রাম ইমলিল থেকে উত্তর আফ্রিকার সর্বোচ্চ চূড়া মাউন্ট তুবকলে রওনা হয়েছিলেন। মৃতদেহ দুটি তাদের তাঁবুর ভেতরই পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে একদল লোককে সিরিয়ায় ‘ভাইদের হত্যার প্রতিশোধ’ নেওয়ার কথা বলতে শোনা যায়। ভিডিওতে বলতে শোনা যায়, “হাজিনে আমাদের ভাইদের জন্য এই প্রতিশোধ নেওয়া হলো।” এ সপ্তাহে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার পূর্বাঞ্চলের শহর হাজিন থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দিয়েছে। ওই ভিডিও পরীক্ষার পর শুক্রবার এক বিবৃতিতে নরওয়ে কর্তৃপক্ষ জানায়, “এখন পর্যন্ত আমাদের হাতে এই ভিডিও ভুয়া বলার মত শক্ত প্রমাণ নেই।”