কাশ্মির নিয়ে এবার জাতিসংঘের দ্বারস্থ হলেন ইমরান খান

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:১১

আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর প্রস্তাব দিয়েছিলেন নিজেই। ইতিবাচক বার্তা গিয়েছিল ভারতের তরফেও; কিন্তু আর তর সইল না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। বরং সরাসরি জাতিসংঘের দ্বারস্থ হলেন তিনি।

মহাসচিব অ্যান্টোনিও গুতারেসকে ফোন করে নতুন করে কাশ্মির প্রসঙ্গ খুঁচিয়ে তুললেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে বিষয়টি নিশ্চিত করেছেন গুতারেসের মুখপাত্র স্টিফেন দুজারিক। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে পাক প্রধানমন্ত্রীর কী কথা হয়েছে তা অবশ্য খোলাসা করেননি তিনি। তবে জানিয়েছেন, নিজে থেকে ফোন করেছিলেন ইমরান।

স্বাধীনতার পর থেকে কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে টানাপড়েন চলছে। দিল্লি অবশ্য নিজেদের অবস্থানে অনড়। কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাতে পাকিস্তানের নাক গলানো উচিত নয় বলে আগেই জানিয়ে দিয়েছে। তা সত্ত্বেও হাল ছাড়তে নারাজ ইসলামাবাদ। এ বিষয়ে প্রশ্ন করলে দুজারিক বলেন, ‘‘কাশ্মির নিয়ে আমাদের অবস্থান তো স্পষ্টই। নিরাপত্তা পরিষদের তরফে নজরদারি কমিশন বসানো হয়েছে। তারাই বিষয়টি দেখছে। জাতিসংঘের মহাসচিব রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলবেন, এটাই স্বাভাবিক। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। ইমরান খান নিজে ফোন করে কাশ্মির প্রসঙ্গ তোলেন।’’

নিরাপত্তা পরিষদের যে নজরদারি কমিশনের কথা বলছেন দুজারিক, ১৯৪৯ সালের জানুয়ারি মাসে জাতিসংঘ এবং সদস্য দেশগুলির ১১৮ জন সদস্য নিয়ে সেটি গঠিত হয়েছিল। ১৯৭১ সালে যুদ্ধের পর ভারত-পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তার পরের বছর হিমাচল প্রদেশের শিমলায় বৈঠকে বসেন ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট জুলফিকার আলি ভুট্টো। নিরাপত্তা পরিষদের নজরদারি কমিশনের তত্ত্বাবধানে দুই দেশের মধ্যে কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখা গড়ে ওঠে, যাতে তা পেরিয়ে এক দেশ অন্য দেশের উপর হামলা করতে না পারে। —আনন্দবাজার পত্রিকা