l একে, রাসেল
শীতের স্মার্ট পোশাক হিসেবে হুডি টি-শার্টকেই বেশি পছন্দ করছেন তরুণ-তরুণীরা। কেননা, শীত নিবারণের পাশাপাশি নিজেকে আরেকটু স্মার্টভাবে উপস্থাপন করতে এর জুড়ি নেই। তাই ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানতালে পরছেন হুডি টি-শার্ট। বাড়তি কানটুপি সঙ্গে নিয়ে ঘুরে বেড়ানোর ঝামেলা নেই, আবার দেখতেও সুন্দর ও স্টাইলিশ। এসব কারণেই হুডির প্রতি তরুণ-তরুণীদের আগ্রহটা একটু বেশিই। যদিও সব বয়সের মানুষই এখন হুডি পরছেন। তবে এগিয়ে রয়েছেন তরুণ-তরুণীরাই। যেকোনো পোশাকে পরিবর্তন চলে আসে শুধু হুড যোগ করার ফলে। আর শীতে তো এটা দারুণ কার্যকর। একটা সময় হুডি ব্যবহার হতো শুধু জ্যাকেটেই। জিপারওয়ালা বা জিপার ছাড়া বড়ো পকেট থাকত তাতে। জরুরি জিনিস বহন করা, আবার মাথা ঢাকা—দুটো প্রয়োজনই মিটত। তবে এখন এর রূপ বদলেছে। শুধু জ্যাকেট নয়, সোয়েটার, টি-শার্ট নানা ধরনের পোশাকেই হুড জুড়ে দেওয়া হচ্ছে। মেয়েদের জন্য করা হচ্ছে নানা কাটের টপ। সঙ্গে থাকছে হুড। ছেলেদের ফুলস্লিভ হুডি জ্যাকেট, হুডি সোয়েটার, ব্রকলাইন হুডি সোয়েটার, স্লিভলেস হুডি, ব্যাটম্যান হুডির পাশাপাশি হুডিওয়ালা শার্টগুলোরও কাটতি বেশি। হুডি শার্টগুলো মূলত কটন আর জিন্স ফেব্রিক্সে তৈরি। কটনের শার্টগুলো চেক, জিন্স ফেব্রিক্সগুলো সাধারণত একরঙা হয়ে থাকে। কয়েকটিতে থাকে বোতাম লাগানোর ব্যবস্থা। চেইন রয়েছে কিছু কিছু হুডিতে। গত বছর বোতাম লাগানো হুডি শার্ট বেশি চললেও এবার ফিক্সড হুডি ও চেইন হুডি বেশি জনপ্রিয়তা পেয়েছে।
এ বছর হুডি টি-শার্টে ডিজাইনের বৈচিত্র্য বেশি দেখা যাচ্ছে। সাধারণত একরঙা, বিভিন্ন প্রিন্ট আর ব্লকের কাজ করা হুডিগুলো ফুলহাতা। আর হুডি জ্যাকেটের মধ্যে কটন, লেদার ও জিন্স আইটেমগুলোই এবার বেশি দেখা যাচ্ছে। এবারের হুডি জ্যাকেটগুলো বিভিন্ন রঙের পাওয়া যাচ্ছে।
অন্যদিকে মেয়েদের সুতি, জর্জেট কাপড়ের পোশাকের সঙ্গেও হয়েছে হুডির সংযোজন। এসেছে নানা রঙের স্ট্রাইপ দেওয়া হুডি টপ। খাটো হাতার এসব টপের সঙ্গে বিপরীত রঙের টি-শার্ট পরা যেতে পারে। যেগুলোর মধ্যে ছাই, কালো, ঘন নীল, মেরুন বেশি দেখা যাচ্ছে। চামড়ার তৈরি হুডসহ জ্যাকেটও এসেছে বাজারে। হুডি টি-শার্ট ও যেকোনো ধরনের হুডির জনপ্রিয়তা নিয়ে বলেছিলাম ইজি ফ্যাশন হাউসের কর্ণধর তৌহিদ চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘হুডি মানেই টু ইন ওয়ান এবং অনেক ফ্যাশনেবল একটি পোশাক। এখন শার্টের সঙ্গে টুপি হিসেবে হুডি ব্যবহূত হয়ে থাকে। ইচ্ছা হলেই হুডি খুলে রাখা যায়। এটি দেখতেও খারাপ লাগে না। ফলে তরুণ প্রজন্মের কাছে হুডি টি-শার্ট জনপ্রিয়তা পাচ্ছে ব্যাপকভাবে। ইজি সব সময়ই ক্রেতাদের পছন্দ-অপছন্দকে অধিক মূল্যায়ন করে থাকে। পণ্যের মান ভালো রেখে দাম নাগালের মধ্যে রাখে। ইজিতে হুডি পোশাকের দাম ১২০০ টাকা থেকে ১৬০০ টাকায় পাওয়া যায়।’
যেখানে পাবেন হুডি
দেশীয় প্রায় সব ফ্যাশন হাউসেই এখন হুডি পাবেন। এগুলোর মধ্যে ইজি, প্লাস পয়েন্ট, এক্সট্যাসি, ক্যাটস আই, ইয়েলো, ওয়েসটেক্স অন্যতম। ফ্যাশন হাউসগুলোর পাশাপাশি নিউমার্কেট, বঙ্গবাজারসহ নগরীর অভিজাত শপিং মলগুলোতেও হুডি পাবেন।
হুডির দরদাম
ব্র্যান্ডের হুডিগুলোর দাম পড়বে ৭০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। আর নিউমার্কেট, বঙ্গবাজার হকার্স মার্কেটে হুডির দাম পড়বে ৩০০ থেকে ৮০০ টাকা।
