সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা হামলায় নিহত ১৩

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:১২

রয়টার্স

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্টের বাসভবনের কাছে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। শনিবার পুলিশ এ খবর জানিয়েছে।  এ ঘটনায় ১৭ জন আহত হয়েছে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ হুসেইন জানান, প্রথম বোমাটি বিস্ফোরণের পরপর দ্বিতীয় আরেকটি বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এটি কী ধরনের বোমা ছিল তা এখনো জানা যায়নি। তিনি বলেছেন, ‘প্রথম গাড়ি বোমাটি একটি তল্লাশি চৌকিতে বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লোকও রয়েছে। অন্য একটি সূত্র জানিয়েছে, নিহতের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দ্বিতীয় বোমাটি বিস্ফোরণের স্থানে তিনি অন্তত দুটি মৃতদেহ দেখতে পেয়েছেন। আহমেদ আদবি নামে এক পুলিশ কর্মকর্তা জানান, যে তল্লাশি চৌকিতে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়েছে সেখান থেকে প্রেসিডেন্টের বাসভবন দূরত্ব মাত্র ৪০০ মিটার।