বিনোদন রিপোর্ট
নতুন বছরের শুরুতেই চিত্রনায়ক বাপ্পীর অপু বিশ্বাসের সঙ্গে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ মুক্তি পাচ্ছে। গতবছর বিচ্ছিন্নভাবে বিভিন্নসময়ে ছবিটির শুটিং হয়েছে। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এই ছবিটি আরটিভির প্রযোজনায় নির্মিত। তবে নতুন বছরে ‘উষ্ণ’ নামের এক নবাগতার সাথে জুটি বাঁধলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ছবির নাম ‘সিক্রেট এজেন্ট’। এবছরের শুরুতে টানা প্রায় ১ মাস ছবিটির কাজ চলবে। দেশের শুটিং গুছিয়ে ব্যংককে দুটি গানের শুটিং হবার কথা রয়েছে। ছবিটি নির্মাণ করছেন শাফিউদ্দিন সাফী। ছবিটি প্রসঙ্গে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বলেন, ‘প্রতিটি বছরেই আমি নিজের ক্যারিয়ারের একটি ইশতেহার তৈরি করি। এই ইশতিহার একান্তই আমার। আমার দর্শকদের জন্য। সেই অনুযায়ী একেবারে ভিন্ন ভিন্ন কিছু চরিত্রে কাজ করবো এবছর। সিক্রেট এজেন্টের গল্পটা অসাধারণ। এক কথায় অনবদ্য। দর্শকরা এ ধরনের চরিত্রে আমাকে এর আগে দেখেননি। আশা করছি ২০২০ সালটি আমি আমার দর্শকদের জন্য বিশেষ কিছু উপহার দিতে পারবো। সিক্রেট এজেন্ট ছাড়াও নতুন আরো ৫ টি ছবির জন্যই চুক্তিবদ্ধ হয়ে আছেন বাপ্পী। যে ছবিগুলোর ভেতরে অন্যতম দীপংকর দীপনের ‘২০৪০’ ছবিটি।
