কাশ্মিরে ফের সেনা অভিযানে ছয় জঙ্গি নিহত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২১:১২

 

কাশ্মিরে ফের সেনা অভিযানে শনিবার ৬ জঙ্গি নিহত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আলকায়দা-র শাখা সংগঠন আনসার গাজওয়াত-উল হিন্দ-এর সদস্য ছিল তারা। ওই সংগঠনকে নেতৃত্ব দেয় হিজবুল মুজাহিদিনের প্রাক্তন কমান্ডার জাকির মুসা। মৃতদের মধ্যে একজন তার ডেপুটি ছিল বলে জানিয়েছেন অবন্তীপোরার পুলিশ সুপার মুহম্মদ জাহিদ।

এ দিন সকালে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা শহরের ত্রাল এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপনসূত্রে খবর পায় নিরাপত্তা বাহিনী। সেই মতো সাতসকালে তল্লাশি অভিযানে নামে ভারতীয় সেনার ৪২ রাষ্ট্রীয় রাইফেলস, স্পেশাল অপারেশনস গ্রুপ এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনী। ত্রাল-অবন্তীপোরা রোড সংলগ্ন একটি ফলের বাগানের মধ্যে জঙ্গিরা আস্তানা গেড়েছে বলে খবর ছিল তাদের কাছে। প্রথমে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় যৌথ বাহিনী। প্রায় সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেয় জঙ্গিরা। তার পরে দু’পক্ষের মধ্যে গুলিবর্ষণ শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে গুলি বিনিময়ের পর ৬ জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। যৌথ বাহিনী তাদের নামও প্রকাশ করেছে সলিহা মহম্মদ আখুন ওরফে গোলাম মহম্মদ আখুন, রসিক মীর, রউফ মীর, উমর রমজান, নাদিম এবং জাভিদ খান্দি। — আনন্দবাজার পত্রিকা