বিশ্বকাপ বয়কট সুর পালটাল পিসিবি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২১:২৫

স্পোর্টস ডেস্ক

কঠিন পথই অবলম্বন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান সাফ বলে দিয়েছিলেন যে, পাকিস্তানে চলতি বছরে এশিয়া কাপ খেলতে না এলে ভারতে অনুষ্ঠিতব্য আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাবে না পাকিস্তান।

যদিও সেই বক্তব্যের দুই দিন যেতে না যেতেই সুর পালটালেন তিনি। ওয়াসিম খান নিজের আগের বক্তব্যের বিরোধিতা করে বলেন, ‘আমি তেমন কিছু কখনোই বলিনি। প্নশ্ন উঠেছিল, ভারত এখানে খেলতে না এলে কী হবে? আমি বলেছিলাম, তা হলে এসিসিকে ঠিক করতে হবে কী করা উচিত। এ বারের সংগঠক দেশ পাকিস্তান বলে আমাদের দেশেই এশিয়া কাপটা এখানেই হওয়া উচিত। আমরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম; কিন্তু কখনোই ২০২১ বিশ্বকাপ খেলব না বলিনি।’

সূচি অনুযায়ী এবারের বিশ্বকাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে দেশটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত যে সেখানে সফর করবে না এটি খোদ পাকিস্তানও জানে। তাইতো এক্ষেত্রে প্রতিবেশী দেশটি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে বলে জানান ওয়াসিম খান; কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটের এই এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো কি নিরপেক্ষ দেশে হওয়া সম্ভব?

ওয়াসিম খান মনে করছেন ‘সম্ভব’। তিনি বলেন, ‘অবশ্যই, কেন নয়! ধরুন, ভারত-পাকিস্তান ফাইনাল হলো। সে ক্ষেত্রে সেই ম্যাচ কোথায় হবে, তা এসিসিকে ঠিক করতে হবে।’